গোলের পর ফারহানের উদ্‌যাপন। গতকাল রাতে সাফ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে
গোলের পর ফারহানের উদ্‌যাপন। গতকাল রাতে সাফ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে

ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী

ফুটবল কখনো কখনো একটা দেশের মানুষকে এমন কিছু উপহার দেয়, যার জন্য তারা বহুদিন অপেক্ষা করে থাকে।

টেলিভিশনে আমরা লিওনেল মেসি কিংবা নেইমারের গোল দেখি। মনে মনে হয়তো অনেকেই আক্ষেপ করি, আহা, আমাদের দেশের কোনো ফুটবলার যদি এমন গোল করতেন! সেই আক্ষেপ কি গত রাতে একটু হলেও মেটালেন ফারহান আলী ওয়াহিদ?

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল জাতীয় স্টেডিয়ামে ফারহানের গোলটা দেখার পর এমনই মুগ্ধতা। বল পায়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়লেন ফারহান। সামনে একের পর এক বাধা। পাঁচ-ছয়জন খেলোয়াড়কে কাটিয়ে নিখুঁত শটে বল পাঠালেন জালে। গোলকিপারের কিছুই করার ছিল না। ফুটবল মাঠে এমন গোলকে এককথায় কী বলা যায়? ম্যাজিক! বাংলাদেশ ফুটবল ফেডারেশনও গোলটির ভিডিওর ক্যাপশনে লিখেছে সেই শব্দটাই।

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের কোচ টমাস ডুলি তো ফারহানকে নিয়ে মুগ্ধতা লুকাতে পারেননি। ম্যাচ শেষে বলেছেন, ‘কী গোলটাই না করল ফারহান!’

১৯ বছর বয়সী এই তরুণের গল্পটা অবশ্য গতকালের গোল দিয়ে শুরু হয়নি। এর পেছনে আছে লন্ডনের ফুটবল একাডেমি, দীর্ঘ পরিশ্রম, পারিবারিক শিকড় আর বাংলাদেশের হয়ে খেলার এক স্বপ্ন।

সতীর্থদের মতো গোটা বাংলাদেশও এখন মাথায় করে রেখেছে ফারহানকে। ছবিটি গতকাল রাতে ফারহানের গোলের পর তোলা

ফারহান কে, কোথা থেকে এসেছেন

ফারহানের জন্ম ২০০৬ সালের ৯ ডিসেম্বর, ইংল্যান্ডে। বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত, শিকড় সিলেটে, যদিও তাঁদের জন্মও যুক্তরাজ্যেই। বেড়ে উঠেছেন লন্ডনের রাস্তায়। ফুটবলের প্রথম পাঠ চেলসির একাডেমিতে। ২০১৯ সালে, মাত্র ১২ বছর বয়সে, পাড়ি জমান পশ্চিম লন্ডনের আরেক ক্লাব ফুলহামের একাডেমিতে।

সেখান থেকে ধাপে ধাপে ওঠা। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল। ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক, আর অভিষেক ম্যাচেই গোল। ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ৬ গোল করেছেন, সহায়তা করেছেন ৯টি গোলে। ফুলহাম লিগে চতুর্থ হয়েছে। নভেম্বরে তিনি হয়েছেন লিগের মাসসেরা খেলোয়াড়, মৌসুম শেষে ছিলেন বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও।

এরই মধ্যে প্রাক্–মৌসুমের প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলের হয়ে মাঠে নেমেছিলেন। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ৪৬ মিনিটে বদলি হয়ে নেমে বাঁ প্রান্ত ধরে দুর্দান্ত ড্রিবলিং আর বাঁকানো শটে প্রতিপক্ষ গোলকিপারকে বড় পরীক্ষায় ফেলেছিলেন। ম্যাচটা ফুলহাম হেরেছিল ২-০ গোলে। তবু আলোচনায় এসেছিলেন ফারহান। প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারলে হামজা চৌধুরীর পর তিনিই হতেন দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যিনি বিশ্বের অন্যতম সেরা এই লিগে খেলেছেন।

ফারহান এখন খেলছেন ইংল্যান্ডের ক্লাব বোরহাম উডে

তারপর নিজেই বেছে নিলেন একটু নিচের সিঁড়ি। নিয়মিত খেলে অভিজ্ঞতা কুড়াতে ফুলহাম থেকে ধারে গেলেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় থাকবেন হার্টফোর্ডশায়ারের এই ক্লাবে। জার্সি নম্বর ২০। নতুন কোচ লুক গ্যারার্ড দলের আক্রমণে গতি আর ধার বাড়াতে আস্থা রেখেছেন তাঁর ওপর। এ পর্যন্ত ক্লাবটির হয়ে চার ম্যাচ খেলেছেন।

এর মধ্যেই এল ঘরের স্বীকৃতি। ফুলহামের ওয়েবসাইটে ঘোষণা হলো, ‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’ ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড়ের নামে এই ট্রফি দেওয়া হয় একাডেমি থেকে উঠে আসা বর্ষসেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে। ২০১৯ সাল থেকে চলছে এই আয়োজন।

ধারণাটা এনেছিলেন ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সদস্য পিটার গ্রিনহ্যাম। বিজয়ী ঠিক হয় খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে। মোটসপুর পার্কে ফুলহামের অনুশীলন গ্রাউন্ডে গিয়ে ফারহান ট্রফিটা নিয়েছেন। বলেছেন, ‘এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।’

কিন্তু ফারহানকে বাংলাদেশের করে নেওয়ার গল্পটা কাগজে-কলমে সহজ ছিল না। দাদা-নানার সূত্রে তাঁকে লাল-সবুজ জার্সিতে খেলানোর জোর চেষ্টা চালায় বাফুফে। বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার অন্যতম শর্ত জন্মনিবন্ধন সনদ করানো হয়। তারপর মেলে বাংলাদেশের পাসপোর্ট এবং সবশেষে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র। শেষ পর্যন্ত গত মাসে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ফারহানের। ওই টুর্নামেন্টেই ইন্দোনেশিয়ার বিপক্ষে পান প্রথম আন্তর্জাতিক গোল।

বাংলাদেশ দলের সঙ্গে ফারহান আলী ওয়াহিদ

প্রায় ৫০ হাজার দর্শকের সামনে সেই গোলের অভিজ্ঞতা নিয়ে ফুলহামের ওয়েবসাইটকে ফারহান বলেছিলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।’

ফারহান মূলত উইঙ্গার। গতি, বল পায়ে প্রতিপক্ষকে কাটানোর দক্ষতা এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার সামর্থ্য তাঁর বড় সম্পদ। রক্ষণ ভেঙে প্রতিপক্ষের বক্সে ঢোকার সাহসও আছে। শ্রীলঙ্কার বিপক্ষে গোলটি যেন সেই সামর্থ্যেরই বিজ্ঞাপন। ডুলির বিরতির সময় দেওয়া পরামর্শও দারুণভাবে কাজে লাগিয়েছেন ফারহান। কোচ তাঁকে বলেছিলেন, নিজের গোলপোস্টের কাছে ড্রিবল না করে প্রতিপক্ষের বক্সের দিকে যেতে। ফারহান সেটাই করেছেন। পাঁচ-ছয়জনকে কাটিয়ে গোল করা যে সহজ নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন কোচ নিজেই।

গোলের পর ফারহানকে বুকে টেনে নেন হামজা

শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর গোলটি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে নিশ্চয়ই অনেক দিন থাকবে। কারণ, এত দিন যে ধরনের গোল দেখে অন্য দেশের ফুটবলারদের প্রশংসায় মেতেছেন তাঁরা, এবার তেমন একটি গোল এসেছে নিজেদের দলের একজনের পা থেকে। হয়তো এ কারণেই ফারহানের গোল দেখে এত উচ্ছ্বাস। বাংলাদেশের ফুটবলে এমন দৃশ্য আরও দেখতে চান সমর্থকেরা। ফারহানও নিশ্চয়ই চান, লাল-সবুজের জার্সিতে আরও বড় গল্প লিখতে।

মেসি হওয়ার দরকার নেই ফারহানের। বাংলাদেশের ফারহান হয়েই তিনি যদি আলো ছড়াতে পারেন, সেটাই তো কম কী!