তিনি থাকতে চেয়েছেন। ক্লাবের দিক থেকেও নেতিবাচক সংকেত খুব জোরাল দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত দুঃসংবাদটা পেয়েই গেলেন আর্নে স্লট।
৪৭ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করেছে লিভারপুল। আজ ক্লাব ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্লটের বিদায়ের খবর জানিয়েছে তারা।
লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে , ‘প্রধান কোচের পদ থেকে আর্নে স্লট তাৎক্ষণিকভাবে বিদায় নিচ্ছেন এবং তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।’
বিবৃতিতে লিভারপুলের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) জানিয়েছে, ‘আমাদের ক্লাব কর্তৃপক্ষের জন্য এটি যে অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সঙ্গে কাটানো সময়ে লিভারপুলে আর্নে যে অবদান রেখেছেন, তা ছিল অনন্য, অর্থবহ।’
ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পর দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই লিভারপুলের ইতিহাসের ২০তম লিগ শিরোপা এনে দিয়েছিলেন স্লট। তবে তাঁর অধীনে দ্বিতীয় বছরটি ভালো কাটেনি, অ্যানফিল্ডের ক্লাবটি প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছে।
বিবিসি খবর দিয়েছে, স্লটের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন বোর্নমাউথের সদ্য বিদায়ী কোচ আন্দোনি ইরাওলা।
বিবিসি তাদের প্রতিবেদন লিখেছে, এফএসজির প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস এবং লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ মিলে স্লটকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও পুরো মৌসুম জুড়েই লিভারপুল বারবার দাবি করে আসছিল, প্রধান কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের এজেন্ডায় নেই। তবে মৌসুম শেষ হওয়ার পর সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে ক্লাবের নীতিনির্ধারকেরা মনে করেছেন, দলকে সামনে এগিয়ে নিতে আরও বেশি আক্রমণাত্মক, আগ্রাসী এবং গতিময় ঘরানার ফুটবল খেলা প্রয়োজন। সে জন্য দরকার নতুন কাউকে।