পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে বলে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় নেই। তাঁর জায়গায় কাউকে বিকল্প নেওয়া হবে না।
বিশ্বকাপ সামনে রেখে রিও ডি জেনিরোতে ২৭ মে থেকে অনুশীলন করছে ব্রাজিলের ফুটবল দল। তবে চোট–সমস্যা সেরে না ওঠায় এখনো সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারছেন না নেইমার। কাল পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ উপলক্ষে নেইমার ও দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন আনচেলত্তি।
৩৪ বছর বয়সী নেইমারকে বিশ্বকাপ দলে যুক্ত করার আগেই তাঁর ক্লাবের পক্ষ থেকে একটি এডিমার (ফোলাজনিত সমস্যা) বিষয়ে অবগত করা হয়েছে জানিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সে দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবে। মানসিকভাবে প্রফুল্ল আছে।’
এর আগে ব্রাজিলের মেডিক্যাল স্টাফ প্রধান রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। সেটি হলে ১৩ জুন বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আনচেলত্তি অবশ্য এতটা সময় লাগবে বলে মনে করছেন না। আর সময় লাগলেও তাঁর বদলে অন্য কাউকে নেওয়ার সম্ভাবনা নেই, ‘সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা মনে করি সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত হয়ে যেতে পারে। যদি তা না–ও পারে, তবে দ্বিতীয় ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে। এটা নিশ্চিত যে তার জায়গায় কোনো বিকল্প নেওয়া হবে না।’
বিশ্বকাপের দল ঘোষণার আগে আনচেলত্তি বলেছিলেন, শতভাগ ফিট নন, এমন কাউকে নেওয়া হবে না। কিন্তু নেইমার পুরোপুরি ফিট না হয়েও দলে আর অন্য কয়েকজন বাদ কেন—এমন একটি প্রশ্ন উঠেছে ব্রাজিলিয়ান ফুটবলে।
এ বিষয়ে আনচেলত্তি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমি শারীরিকভাবে শতভাগ ফিট থাকার ব্যাপারে কথা বলেছিলাম। তবে আমি সম্ভবত ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি। আমি বলেছিলাম, এমন কাউকেও ডাকতে পারি, যে বিশ্বকাপের সময় ফিট হয়ে উঠতে পারে। দুর্ভাগ্যবশত, মিলিতাও, রদ্রিগো এবং এস্তেভাও তত দিনেও পুরোপুরি ফিট হবে না।’
এবারের বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে মরক্কোর পর হাইতি (১৯ জুন) ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে (২৪ জুন)।