ওয়েম্বলিতে সংবাদ সম্মেলনে রদ্রি
ওয়েম্বলিতে সংবাদ সম্মেলনে রদ্রি

দোষী সাব্যস্ত হওয়া সিটির পক্ষে রদ্রি বললেন, অর্জন কেউ কেড়ে নিতে পারবে না

ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর অর্ধযুগেরও বেশি সময়ের সম্পর্ক। সাত মৌসুম খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে। গত আগস্টে সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেও ইতিহাদ স্টেডিয়ামের প্রতি রদ্রির টানটা অকৃত্রিম। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে সিটি দোষী সাব্যস্ত হওয়ার পর সেটাই বুঝিয়ে দিলেন স্প্যানিশ এ ডিফেন্সিভ মিডফিল্ডার।

রদ্রি বিশ্বাস করেন, সিটি নির্দোষ। দোষী সাব্যস্ত হলেও ক্লাবটির খেলোয়াড়দের অর্জন কেউ কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের পথে ‘গোল্ডেন বল’-ও জেতা রদ্রি।

২০২৩ সালে ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের মধ্যে একটি ছাড়া বাকি সব কটিতে ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে—গতকাল স্থানীয় সময় বিকালে বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় সৃষ্টি হয় ফুটবল বিশ্বে। তবে শুরু থেকেই সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে সিটি। ক্লাবটির একজন মুখপাত্র জানিয়েছেন, প্রিমিয়ার লিগের সঙ্গে তাঁদের আইনি লড়াইয়ের ‘গুরুত্বপূর্ণ অনেক কাজ’ এখনো বাকি রয়েছে।

ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে ১৩টি শিরোপা জিতেছে রদ্রি। প্রিমিয়ার লিগ চারবারের জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপও জিতেছেন। পেপ গার্দিওলার অধীন এই ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই জিতেছেন ২০২৪ ব্যালন ডি’অর। খুব স্বাভাবিকভাবেই সিটির প্রতি টানটা তিনি গোপন করেননি নেশনস লিগে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে।

ম্যানচেস্টার সিটিতে সাত মৌসুম কাটিয়েছেন রদ্রি। ছবিতে তাঁর সাবেক সতীর্থ আয়মেরিক লাপোর্তে

রদ্রি বলেন, ‘২০২০ সালেও আমাদের প্রায় একই রকম ঘটনার মুখোমুখি হতে হয়, সেবারও একটি বিচারিক প্রক্রিয়া চলেছিল। অভিযোগ ভিন্ন হলেও আইনি প্রক্রিয়াটি ছিল এক। সেবারও প্রথম ধাপে আমাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু আমরা ক্লাবের ওপর এবং তাদের নির্দোষ দাবির করার ওপর আস্থা রেখেছিলাম। শেষ পর্যন্ত আমরা কিন্তু বেকসুর খালাস পেয়েছিলাম। তাই আমি বিচার ব্যবস্থার ওপর এবং ক্লাবের নির্দোষ হওয়ার বিষয়ে পূর্ণ আস্থা রাখছি।’

উয়েফার দেওয়া দুই বছর ইউরোপীয় ফুটবলে নিষেধাজ্ঞার শাস্তির বিরুদ্ধে ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’-এ আপিল করে সিটির জিতে আসার সেই স্মৃতিই সংবাদ সম্মেলনে মনে করিয়ে দেন রদ্রি।

তবে এবার শাস্তির মাত্রা হতে পারে ভয়াবহ, যা ক্লাবটির অর্জিত সাফল্যেও বড় ধরনের প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিচ্ছে। সিটির হয়ে এত কিছু অর্জনের পর এ কথাবার্তা কষ্ট দেয় কি না—এমন প্রশ্নে রদ্রি বলেন, ‘ফুটবলারদের ভাবনা ও আপনাদের দৃষ্টিকোণ সম্পূর্ণ আলাদা। আমি সব রকম মতামতই বুঝতে পারি এবং এটি এখন বেশ বড় এক ইস্যুতে পরিণত হয়েছে।’

সিটির অর্জন নিয়ে রদ্রি বলেন, ‘শুধু পেপ (গার্দিওলা) কিংবা ফুটবলাররাই নন, মালিকপক্ষ থেকে প্রতিদিন সেখানে যাঁরা কাজ করেছেন—পুরো কাঠামোর অবদান রয়েছে এতে। আমরা মাঠে যা অর্জন করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এমন কিছু অর্থ দিয়ে কেনা যায় না; এসব অর্জিত হয়েছে সাধনায়, পারস্পরিক সংহতি আর প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মানসিকতায়।’

গত আগস্টে বার্সেলোনায় যোগ দেন রদ্রি

ওয়েম্বলিতে বসে রদ্রি যোগ করেন, ‘জোর দিয়ে বলতে পারি, প্রতিটি সাফল্যই আমরা নিজেদের যোগ্যতায় অর্জন করেছি। ইংলিশ ফুটবলের অন্যতম সেরা একটি যুগের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

সিটির অভিযুক্ত হওয়ার খবরে বিন্দুমাত্র বিচলিত মনে হয়নি রদ্রিকে। ক্লাবটির নীতিনির্ধারকদের ওপর তাঁর সেই আগের বিশ্বাস এখনো অটুট। রদ্রির ভাষায়, ‘ক্লাবের কর্তারা সব সময় নিজেদের নির্দোষ হওয়ার ব্যাপারে শতভাগ আস্থার কথা বলেছেন। আপনি যখন কারও চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন সেই সত্যিটা বোঝা যায়...ক্লাবের কর্মকর্তারা শুরু থেকেই আমাদের নিশ্চিত করেছেন যে তারা কোনো ভুল কিছু করেননি এবং আমরাও সেটিই বিশ্বাস করি। আসল কথা এটাই। যতক্ষণ না পর্যন্ত তারা দোষী প্রমাণিত হচ্ছেন, আমরা ক্লাবের পক্ষেই থাকব। আমি তো সেখানে ছিলাম, আমি জানি তারা কীভাবে কাজ করেন।’

নেশনস লিগে আজ রাতে ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে এই ম্যাচ শুরু হবে।