বিশ্বকাপে আলজেরিয়ার কোচ ছিলেন ভ্লাদিমির পেতকোভিচ
বিশ্বকাপে আলজেরিয়ার কোচ ছিলেন ভ্লাদিমির পেতকোভিচ

বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপের পরই বিদায়

বিশ্বকাপ শুরুর আগেই বাড়ানো হয়েছিল চুক্তির মেয়াদ। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় দল উঠেছিল শেষ ৩২-এও। কিন্তু বিশ্বকাপ শেষ হতে না হতেই কোচ ভ্লাদিমির পেতকোভিচের সঙ্গে সম্পর্কচ্ছেদ করল আলজেরিয়া ফুটবল দল। সোমবার আনুষ্ঠানিকভাবে এই বসনিয়ান কোচের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল সংস্থা।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ৬২ বছর বয়সী পেতকোভিচ। বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগেই ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে নতুন চুক্তি করে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন।

এক বিজ্ঞপ্তিতে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানায়, ‘আলজেরিয়ান ফুটবল ফেডারেশন জানাচ্ছে যে জাতীয় দলের প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ ও তাঁর কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্বকাপে শেষ বত্রিশে খেলেছে আলজেরিয়া

৪৮ দলের বিশ্বকাপে সেরা আটটি তৃতীয় স্থান পাওয়া দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল আলজেরিয়া। তবে শেষ ৩২-এ সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।


আগামী সেপ্টেম্বরেই ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্ব শুরু করবে আলজেরিয়া। ‘আই’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ জাম্বিয়া, টোগো ও বুরুন্ডি।