
ক্লাবের ওপর মহলের সমালোচনা করে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, কোচ মাইকেল ক্যারিককে ক্লাব পর্যাপ্ত শক্তিসম্পন্ন দল উপহার দিতে পারেনি।
গতকাল ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় মার্তিনেজের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন ২৮ বছর বয়সী এ সেন্টার-ব্যাক, ‘আজ (গতকাল) আমি ক্লাবের নেতৃত্ব ও কোচের সঙ্গে বৈঠক করেছি। অত্যন্ত ইতিবাচক আলোচনা ছিল, যেখানে আমরা মতামত বিনিময় করতে পেরেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা ঘটেছে সে বিষয়ে খোলামেলা কথা বলতে পেরেছি।’
মার্তিনেজ এরপর ক্ষমা চেয়ে বলেন, ‘সবাই জানে যে আমি আবেগপ্রবণ মানুষ এবং প্রচণ্ডভাবে ফুটবলকে ধারণ করি। হারের হতাশায় এমন এক সময়ে ও স্থানে নিজের অনুভূতি প্রকাশ করেছি, যা হয়তো সঠিক ছিল না, আর সেটির জন্য আমি ক্ষমা চাচ্ছি।’
বিবিসি জানিয়েছে, মেজাজ হারানোর কারণে মার্তিনেজকে জরিমানা করেছে ইউনাইটেড।
আতলেতিকোর কাছে হারের পর মার্তিনেজ বলেছিলেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে আরও বিনিয়োগ এবং ‘টেকনিক্যাল ডিরেক্টরের (জেসন উইলকক্স) কাছ থেকে আরও বেশি কিছু’ আশা করেছিলেন। আয়াক্স থেকে চার বছর আগে ইউনাইটেডে যোগ দেওয়া এ ফুটবলার পরবর্তী সময় জানান, তিনি ‘রাগ ও হতাশা থেকে’ মন্তব্যগুলো করেছিলেন।
‘দ্য ওভারল্যাপ’ পডকাস্টে ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির এ পরিস্থিতিকে ‘একধরনের সার্কাস’ বলেন। গতকাল মার্তিনেজের সেই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা যখন সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ক্লাব তখনই সবচেয়ে ভালো অবস্থানে থাকে। স্বীকার করছি যে সেই মুহূর্তে আমার কথাগুলো তাতে সাহায্য করেনি।’
প্রিমিয়ার লিগে আগামী রোববার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ইউনাইটেড। কোচ ক্যারিক এই ম্যাচে মার্তিনেজকে দলে রাখেন কি না সেটাই এখন দেখার বিষয়। তবে ওল্ড ট্র্যাফোর্ডে মার্তিনেজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে মার্তিনেজের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। আরও ১২ মাস এ মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও ইউনাইটেড সেটা করবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম ছয় ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়ে পয়েন্ট তালিকায় ১৩তম ইউনাইটেড।