চোটে মৌসুমের শেষদিকে মাঠের বাইরে চলে গেলেও বিশ্বকাপ দলে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল।
চোটে মৌসুমের শেষদিকে মাঠের বাইরে চলে গেলেও বিশ্বকাপ দলে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল।

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের জায়গা না পাওয়া। চোটের কারণে দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা আগেই নিশ্চিত ছিল, সুযোগ পাননি ডিফেন্ডার ডিন হাউসেনও। চোটে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে চলে গেলেও বিশ্বকাপ দলে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। ফুয়েন্তের দলে সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার, ৩ জন করে খেলোয়াড় আছেন আতলেতিকো মাদ্রিদ, বিলবাও ও আর্সেনালের।

২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও ইউরো ২০২৪-এ দুর্দান্ত ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্বাভাবিকভাবেই এবারের গ্রীষ্মকালীন ফুটবল মহাযজ্ঞে শিরোপার অন্যতম দাবিদার তারা। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এইচ’-এ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ

দল ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল প্রধান তিন তারকা—লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর ফিটনেস নিয়ে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন স্প্যানিশ কোচ। আগামী ১৫ জুন আটলান্টায় স্পেনের প্রথম ম্যাচেই এই ত্রয়ী মাঠে নামতে প্রস্তুত থাকবেন বলে শতভাগ আত্মবিশ্বাসী তিনি। দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা খুবই শান্ত আছি। নতুন কোনো সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাব। আমাদের চিকিৎসক ও ফিটনেস কোচ প্রতিটি ক্লাবে গিয়ে কথা বলেছেন। পুরো বিষয়টি আমরা সমন্বয় করছি। প্রথম ম্যাচে তারা তৈরি থাকবে, কোনো কারণে তা না হলেও দ্বিতীয় ম্যাচে অবশ্যই খেলবে।’

ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন উনাই সিমন, দাভিদ রায়া ও হোয়ান গার্সিয়া। তবে বাদ পড়েছেন রিয়াল সোসিয়েদাদের অ্যালেক্স রেমিরো। রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেদ্রো পোরো।

মাঝমাঠের দায়িত্ব সামলাবেন পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো। আর আক্রমণভাগে ইয়ামালের সঙ্গে থাকছেন মিকেল ওইয়ারসাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিয়োজ।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

রিয়াল মাদ্রিদের পেদ্রো গঞ্জালো গার্সিয়া এবং বার্সেলোনার মার্ক বের্নালসহ ৯ জন ফুটবলারকে ‘সহায়ক খেলোয়াড়’ (সাপোর্ট প্লেয়ার) হিসেবে দলে রেখেছেন কোচ। বিশ্বকাপের আগে মূল দলের সঙ্গে তাঁরা অনুশীলনে অংশ নেবেন। পা ভেঙে যাওয়ায় দল থেকে ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ তারকা ফেরমিন লোপেজ।

রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় দলে না থাকা প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, ‘কাকে বাদ দেব আর কাকে রাখব, সেটা বেছে নেওয়া সব সময়ই কঠিন। আমরা প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করেই এই ২৬ জনকে বেছে নিয়েছি। আমার মনে হয় দলের সব প্রয়োজনের দিকেই নজর রাখা হয়েছে। কোন খেলোয়াড় কোন ক্লাবের হয়ে খেলছেন, আমি তা কখনোই দেখি না।’

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৪ জুন গালিসিয়ার আ করুনিয়ায় ইরাকের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর আটলান্টিক পাড়ি দিয়ে ৮ জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ।

স্পেনের বিশ্বকাপ দল

গোলরক্ষক: উনাই সিমন, দাভিদ রায়া, হোয়ান গার্সিয়া। ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, অ্যালেক্স গ্রিমালদো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে, মার্ক পুবিল। মিডফিল্ডার: গাভি, রদ্রি, পেদ্রি, মার্তিন জুবিমেন্দি, ফাবিয়ান রুইজ, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো। ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, ফেরান তোরেস, মিকেল ওয়াইরসাবাল, ইয়েরেমি পিনো, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনিয়োজ।