বুরকিনা ফাসো ফুটবল দল
বুরকিনা ফাসো ফুটবল দল

ম্যাচের এক দিন আগেও আর্জেন্টিনায় পৌঁছায়নি বুরকিনা ফাসো

সব ঠিকঠাকই ছিল। প্রীতি ম্যাচ খেলতে ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনার মাটিতে পা রাখার কথা ছিল বুরকিনা ফাসো ফুটবল দলের। কিন্তু ভাড়া করা বিমানে আর্জেন্টিনায় যাওয়ার কথা থাকলেও সেই ফ্লাইট বাতিল হয়ে গেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টার আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচটি হবে তো!

আফ্রিকান কাপ অব নেশনসে বাছাইপর্ব খেলতে মরক্কোয় অবস্থান করছিল বুরকিনা ফাসোর দল। সেখান থেকে আর্জেন্টিনায় যাওয়ার বিশেষ ফ্লাইট বাতিল হওয়ার পর খবর বিবৃতি দিয়ে জানিয়েছিল বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন, ‘কোনো পূর্বঘোষণা ছাড়াই চার্টার কোম্পানি ৩০ সেপ্টেম্বর নির্ধারিত ফ্লাইট বাতিল করায় জাতীয় দলের ভ্রমণব্যবস্থা ব্যাহত হয়। বাতিল হওয়ার ঘটনা দলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে বাধ্য করে।’

আফ্রিকান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মরক্কো-আর্জেন্টিনা পথে বুরকিনা ফাসোর দুটি ফ্লাইট বাতিল হয়েছে। চার্টার বিমানের ফ্লাইট বাতিলের পর কর্তৃপক্ষ বাণিজ্যিক বিমানে ভ্রমণের ব্যবস্থা করে। তবে বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা তাতে রাজি হননি।
এসবের একপর্যায়ে ফরাসি সাংবাদিক রোমেইন মলিনা এক্স হ্যান্ডলে দাবি করেন, বোর্ডের সঙ্গে বিরোধের নিষ্পত্তি না হওয়ায় বুরকিনা ফাসোর বেশ কয়েকজন খেলোয়াড় আর্জেন্টিনা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। দলগত সমস্যা ও কিছু আর্থিক বিষয় নিষ্পত্তি না হওয়ার কারণে কিছু খেলোয়াড় ক্যাম্প ছেড়েও নাকি চলে যান।

রিভার প্লেটের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বুরকিনা ফাসো

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানিয়েছে, বোর্ড-খেলোয়াড় জটিলতা এরই মধ্যে কেটে গেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ধারণা করছে, শুক্রবার ভোরে রওনা দিয়ে স্থানীয় সময় শনিবার দুপুরে এসে বুয়েনস এইরেসে পৌঁছাবে বুরকিনা ফাসো ফুটবল দল। সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেন, ‘চার্টার ফ্লাইটটি (স্থানীয় সময়) বেলা ১টা ১৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।’

অর্থাৎ মনুমেন্তাল স্টেডিয়ামে (স্থানীয় সময়) রাত ৯টায় নির্ধারিত প্রীতি ম্যাচ শুরু হওয়ার মাত্র ৮ ঘণ্টা আগে আর্জেন্টিনার মাটিতে অবতরণ করবে বুরকিনা ফাসো। এরপর তারা দ্রুত হোটেলে যাবে এবং সেখান থেকে সরাসরি স্টেডিয়ামে গিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। রাতে ম্যাচ খেলার পর রোববার স্থানীয় সময় সকাল ৭টায় বুরকিনা ফাসোর ফিরতি ফ্লাইট। অর্থাৎ আর্জেন্টিনার মাটিতে তারা ২৪ ঘণ্টারও কম সময় অবস্থান করবে।

আর্জেন্টিনা কোচ স্কালোনির সামনে আরও দুটি প্রীতি ম্যাচ আছে

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানিয়েছে, এএফএর পক্ষ থেকে ‘ম্যাচটি অনুষ্ঠিত হবে’ বলে নিশ্চিত করা হয়েছে। এএফএ বলেছে, সব সমস্যার মূলে ফ্লাইটের জটিলতা। তবে ক্লারিনের প্রতিবেদনে পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়দের অসন্তোষের কথা বলা হয়েছে। এএফএ এবং ম্যাচের আয়োজক প্রতিষ্ঠান শুধু বিমানভাড়া, হোটেল ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করার কথা।

এবারের ফিফা উইন্ডোয় মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৪-০ গোলের জয় পায় লিওনেল স্কালোনির দল। বুরকিনা ফাসোর মুখোমুখি হওয়ার পর আগামী বুধবার মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে তারা। সে দিনের ম্যাচটি দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন লিওনেল মেসি।