রিয়ালের বিপক্ষে এ বছরের ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে প্যারিসে যাওয়া লিভারপুল সমর্থকদের জন্য দিনটি ছিল কষ্টের, একই সঙ্গে আতঙ্কেরও। সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল লিভারপুল।
তবে মাঠের ফলের আগেই মন ভেঙে গিয়েছিল লিভারপুলের সমর্থকদের। স্তাদ দি ফ্রান্সে ঢোকার সময় নিরাপত্তাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন তাঁরা।
পুলিশের লাঠিচার্জ আর কাঁদানে গ্যাসের আতঙ্ক তো ছিলই, অনেকে শারীরিক নিগ্রহ আর ছিনতাইয়ের কবলেও পড়েছিলেন। আতঙ্ক ছড়ানো সেই পরিস্থিতির মানসিক আঘাত এখনো ভুলতে পারছেন না বলে অভিযোগ ভুক্তভোগী দর্শকদের।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেনস্তার শিকার হওয়া সেসব ভুক্তভোগী এবার ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ উয়েফার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন।
লিভারপুলভিত্তিক ল ফার্ম বিংহাম বিবিসিকে জানিয়েছে, প্যারিসে শারীরিকভাবে আহত হয়েছেন অথবা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন—এমন ১ হাজার ৭০০-এর বেশি মানুষ উয়েফার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন।
বিংহাম বৈশ্বিক ল কোম্পানি পোগাস্ট গুডহেডের সঙ্গে যুক্ত হয়ে মামলাটি করবে। এতে উয়েফার বিরুদ্ধে অবহেলার অভিযোগে বাদী হবেন ১ হাজার ৪৫০ জন। আইনজীবীরা জানিয়েছেন, উয়েফার বিরুদ্ধে টিকিট বিক্রির চুক্তি লঙ্ঘন ও সমর্থকদের প্রতি দায়বদ্ধতায় অবহেলার কথা উল্লেখ করা হবে মামলায়।
জেরার্ড লং নামের বিংহামের এক আইনজীবী বলেন, ‘যে ম্যাচটি ফুটবল মৌসুমের উল্লেখযোগ্য অংশ হওয়ার কথা, সেখানে যা ঘটেছে বলে শুনেছি, তা ভয়ংকর। শুধু সমর্থকেরা নন, আমার বন্ধু, পরিবার ও মক্কেলদের মধ্যে যাঁরা সেদিন স্টেডিয়ামের আশপাশে ছিলেন, সবাই ম্যাচের আগে ও পরের ভয়ানক দৃশ্যের বর্ণনা দিয়েছেন।’
লেই ডে নামের আরেকটি ল ফার্মও একই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে। ফার্মটির ভোক্তা ও ভ্রমণ আইন বিশেষজ্ঞ ক্লেয়ার ক্যাম্পবেল ও জিল প্যাটারসন আইনি পদক্ষেপের কথা জানিয়ে বলেন, ‘ভুক্তভোগী দর্শকদের অভিজ্ঞতা থেকে এমন একটি চিত্র পাওয়া যাচ্ছে, ভয়ানক সেই পরিস্থিতিতে মানুষ তাঁর জীবনহানি নিয়েই আতঙ্কে ছিল।’
লেই ডে ৪০০ ব্যক্তির পক্ষে মামলা লড়বে। এ ছাড়া উয়েফার নিরপেক্ষ স্বাধীন পর্যালোচনা কমিটির কাছে জমা দেওয়ার জন্য ৮ হাজার ৫০০ ভুক্তভোগীর সাক্ষ্য জোগাড় করেছে লিভারপুল কর্তৃপক্ষ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সেদিন কর্তৃপক্ষের গাফিলতির কারণে হেনস্তার ঘটনা ঘটেছিল। টিকিট থাকা সত্ত্বেও ২ হাজার ৭০০ লিভারপুল সমর্থক সেদিন মাঠে ঢুকতে পারেননি। প্যারিসের অনেক স্থানীয় মানুষ অনেক সমর্থকের টিকিট ছিনতাই করেছেন।
ঝামেলার একপর্যায়ে নিরীহ সমর্থকদের ওপর পেপার স্প্রে নিক্ষেপ করেছিল প্যারিসের পুলিশ। মাঠের বাইরের এই পরিস্থিতির কারণে তিন দফা পিছিয়ে ৩৬ মিনিট দেরিতে খেলা শুরু করা হয়।
ঘটনার পর এর জন্য লিভারপুল সমর্থকদের দায়ী করেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অবশ্য উয়েফার পক্ষ থেকে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়।
রিয়াল মাদ্রিদ শুরুতে চুপ থাকলেও সপ্তাহখানেক পর বিবৃতি দিয়ে বলেছিল, তাদের সমর্থকেরাও প্যারিসে হেনস্তার শিকার হয়েছিলেন।