ব্রাজিল দল এখন ফিলাডেলফিয়ায়। কিন্তু নেইমার ফিট হয়ে উঠতে থেকে গেছেন নিউ জার্সিতে। ছবিটি গত পরশু নিউ জার্সির মরিসটাউনে ব্রাজিলের বেজক্যাম্পে তোলা
ব্রাজিল দল এখন ফিলাডেলফিয়ায়। কিন্তু নেইমার ফিট হয়ে উঠতে থেকে গেছেন নিউ জার্সিতে। ছবিটি গত পরশু নিউ জার্সির মরিসটাউনে ব্রাজিলের বেজক্যাম্পে তোলা

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ‘হোম অফিস’ করছেন নেইমার

কোভিড মহামারির সময় ‘হোম অফিস’ কথাটা বিশ্বব্যাপী পরিচিতি পায়। বিভিন্ন পেশায় জড়িত মানুষ ঘরে থেকে তাঁর পেশার কাজটা করতেন—সেটাকে হোম অফিস বলা হতো। বিশ্বকাপে নেইমারও এমন হোম অফিস করছেন।

কথাটা শুনতে যেমন ব্যঙ্গাত্মক, তেমনি বলাও হয়েছে মজা করেই। মন্তব্যকারীর নাম লুইস ইনাসিও লুলা দা সিলভা। ঠিক ধরেছেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট। গত শুক্রবার বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে মজা করে এমন কথা বলেন লুলা। নেইমার লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক।

সেই অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এক শিশুর কাছে জানতে চান, ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? জবাবে শিশুটি নেইমারের নাম বললে প্রেসিডেন্ট রসিকতা করে এই মন্তব্য করেন।

লুলা জানতে চান, ‘ব্রাজিল দলে এই মুহূর্তে ভালো কে আছে?’ শিশুটি উত্তর দেয়, ‘নেইমার।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা

লুলা এরপর রসিকতা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। একজন হোম অফিস খেলোয়াড়! গতকালই ইন্টারনেটে এটা দেখলাম। এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’

নেইমার কাফে চোটের কারণে এক মাস ধরে পুনর্বাসনে আছেন। বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই নাম্বার ‘টেন’। এর আগে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ব্রাজিলের প্রথম ম্যাচেও খেলতে পারেননি নেইমার।

হাইতির বিপক্ষে প্রস্তুতি নেওয়া শেষ ব্রাজিলের। এখন মাঠে নামার অপেক্ষা

ব্রাজিল দলের অন্য সদস্যরা হাইতির বিপক্ষে ম্যাচের জন্য ফিলাডেলফিয়ায় গেলেও নেইমার যাননি। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলের বেজক্যাম্পে রয়ে গেছেন। আশা করা হচ্ছে, পুনর্বাসন শেষে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তৃতীয় ম্যাচেই মাঠে ফিরবেন এই তারকা ফরোয়ার্ড।