গ্যালারিতে বসে খেলা দেখছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার, আর মাঠে চলছিল প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট অঞ্চলের ফাইনাল।
বাটলারের উপস্থিতিতেই রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ আটের টিকিট নিশ্চিত করল সিলেটের রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। আজ পড়ন্ত বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে সিলেটেরই আরেক দল সুগন্ধা ফুটবল একাডেমিকে। ম্যাচের ১৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন রাগীব-রাবেয়ার ফরোয়ার্ড স্বর্ণা মুন্ডা।
মূলত সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত দুই দিনের প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে যোগ দিতেই আজ সিলেটে এসেছেন পিটার বাটলার। যেখানে সিলেট অঞ্চলের নারী একাডেমিগুলো অংশ নেবে। তবে আজ বিকেলে মাঠে উপস্থিত থেকে বাটলার মনোযোগের সঙ্গে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের আঞ্চলিক ফাইনালটি উপভোগ করেন।
ফাইনাল শেষে বাটলার নিজেই ম্যাচসেরা খেলোয়াড় বেছে নেন। সাধারণত জয়ী দল থেকেই ম্যাচসেরা নির্বাচিত হন, তবে বাটলার ব্যতিক্রম ঘটিয়ে বেছে নেন হেরে যাওয়া দল সুগন্ধা একাডেমির গোলকিপার সাদিয়া আক্তারকে। একটি গোল হজম করলেও ম্যাচে বেশ কয়েকটি সেভ করে বাটলারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পুরস্কার বিতরণের সময় সাদিয়াকে বাটলার বলেন, ‘তুমি খুব ভালো খেলেছ, দারুণ।’
এর আগে পরশু আঞ্চলিক কোয়ার্টার ফাইনালেও টাইব্রেকারে দুটি শট ও প্রতিপক্ষের পেনাল্টি ঠেকিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাদিয়া। ফাইনালেও তাঁর দায়িত্বশীল পারফরম্যান্স ছিল সিলেট অঞ্চলের অন্যতম সেরা প্রাপ্তি।
মাঠের খেলা ও আয়োজন দেখে অভিভূত বাটলার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ঢাকায় আমরা এভাবে মেয়েদের খেলতে দেখি না। ঢাকার বাইরে মেয়েরা ফুটবল খেলছে, তারা নিজেদের মেলে ধরেছে। এটা দেখে আমার অসাধারণ লাগছে। প্রথম আলো ও স্টার নিউজকে অনেক ধন্যবাদ জানাব মেয়েদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সত্যিই খুব উপভোগ করেছি ফাইনালটা।’
খেলা শেষে পিটার বাটলারকে কাছে পেয়ে নারী ফুটবলারদের মধ্যে ছবি তোলার হিড়িক পড়ে যায়। সিলেট জেলা স্টেডিয়াম পরিণত হয় উৎসবের কোলাহলে। তবে জয়ী দলের উদ্যাপনের বিপরীত পাশে সুগন্ধা একাডেমির মেয়েরা মন খারাপ করেই মাঠ ছাড়েন।
রাগীব-রাবেয়াকে নিয়ে টুর্নামেন্টের শেষ আটের পাঁচটি দল এখন চূড়ান্ত হলো। এর আগে রংপুর অঞ্চল থেকে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি, রাজশাহী থেকে বগুড়া রক্সি ফুটবল একাডেমি এবং খুলনা থেকে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি মূল পর্বে জায়গা করে নেয়। টুর্নামেন্টের বাকি তিনটি দল আসবে চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক পর্ব থেকে।
এর আগে আজ সকালে অনুষ্ঠিত প্রথম আঞ্চলিক সেমিফাইনালে সিলেট সিটি তৃণমূল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রাগীব-রাবেয়া। দলের দ্বিতীয় গোলটি করে ম্যাচসেরা হন ফরোয়ার্ড স্বর্ণা মুন্ডা। অন্যদিকে দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে সুগন্ধা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হিমু ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। জয়সূচক গোল করে ম্যাচসেরা হন সুগন্ধার ফরোয়ার্ড শ্রাবন্তী রানী।
দুটি সেমিফাইনাল ও ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম। সকালে পুরস্কার বিতরণীতে ছিলেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন। এমন আয়োজন সিলেট অঞ্চলের মেয়েদের সামনে এগিয়ে নেবে, এমনই আশাবাদ রাখেন সিলেটের স্থানীয় সংগঠকেরা।