আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের আগে বড় এক দুঃসংবাদ পেল বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের চোটে অন্তত পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কাতালান ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
২৯ বছর বয়সী এই তারকা গত বৃহস্পতিবার রাতে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পান। ২-১ গোলে ব্রাজিলের হারের সে ম্যাচে প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। শুক্রবার ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকদের করা পরীক্ষায় রাফিনিয়ার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।
ইএসপিএন জানিয়েছে, চিকিৎসার জন্য এখন বার্সেলোনায় ফিরে যাবেন রাফিনিয়া। তবে চোটের যে ধরন, তাতে আগামী মে মাসের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই। এর ফলে সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সেলোনাকে। শুধু তা–ই নয়, আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাঁকে পাবে না ব্রাজিল।
আগামী দুই সপ্তাহে তিনবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। আগামী শনিবার মেত্রোপলিতানোতে লিগ ম্যাচ দিয়ে শুরু হবে এই লড়াই। রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার লক্ষ্য এখন লা লিগার শীর্ষ স্থান ধরে রাখা।
এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮ এপ্রিল ক্যাম্প ন্যুতে প্রথম লেগ এবং ১৪ এপ্রিল ফিরতি লেগ হবে আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয়। এই বাধা পার হতে পারলে সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবন। এপ্রিলের শেষে সেমিফাইনালের প্রথম লেগ আর মে মাসের শুরুতে ফিরতি লেগ—এসব ম্যাচেও রাফিনিয়াকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
রাফিনিয়া চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে পড়লেন। এর মধ্যেই ৩১ ম্যাচে ১৯ গোল করে বেশ ভালো ফর্মেই ছিলেন। এর আগে গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ মিস করেছিলেন রাফিনিয়া। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও আরও তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন।
রাফিনিয়ার এই চোটে কপাল খুলতে পারে মার্কাস রাশফোর্ডের। বার্সার আক্রমণে বাঁ প্রান্তে এই ইংলিশ ফরোয়ার্ড এখন কোচ হান্সি ফ্লিকের প্রথম পছন্দ হতে পারেন। তবে ফ্লিকের হাতে বিকল্পের অভাব নেই। দানি ওলমো কিংবা ফেরমিন লোপেজকেও এর আগে উইঙ্গার হিসেবে খেলিয়েছেন বার্সা কোচ। প্রস্তুত আছেন ফেরান তোরেসও। এ ছাড়া প্রয়োজনে হোয়াও ক্যানসেরো কিংবা রুনি বারদঘিকেও সেখানে ঝালিয়ে নিতে পারেন ফ্লিক।