রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে
রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে

বাঁ পায়ে শীর্ষ দশ গোলদাতার যে তালিকায় আছেন ডান পায়ের রোনালদো

বাঁ পায়ের ফুটবল কিংবদন্তির কথা বললে সবার আগে আসে ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির নাম। এ দুজন ছাড়াও তালিকায় থাকবেন ফেরেঙ্কে পুসকাস, রায়ান গিগস কিংবা রবার্তো কার্লোসদের মতো কিংবদন্তিরাও।

আর সমসাময়িক ফুটবলারদের মধ্যে মেসিকে বাদ দিলে আসবে মোহাম্মদ সালাহ, আর্লিং হলান্ড, আরিয়ান রোবেন ও আনহেল দি মারিয়ার মতো তারকাদের নাম। এই ফুটবলারদের প্রত্যেকে আবার আছেন চলতি শতাব্দীতে ক্লাবের হয়ে বাঁ পায়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের তালিকায়ও।

তবে তালিকার শীর্ষ দশে এমন একজন ফুটবলারও আছেন যিনি মূলত ডান পায়ের ফুটবলার। তাঁর নাম ক্রিস্টিয়ানো রোনালদো! ক্লাবের হয়ে বাঁ পায়ে গোল করা শীর্ষ দশ ফুটবলারের তালিকার নয় নম্বরে আছেন ডান পায়ের রোনালদো। ১০৮৩ ম্যাচে ‘উইক ফুট’-এ অর্থাৎ বাঁ পায়ে রোনালদোর গোল ১৪৭টি। ক্যারিয়ারে রোনালদোর মোট গোল ৯৬২টি, ক্লাবের হয়ে ৮১৯টি।

এই তালিকায় রোনালদোর ঠিক পরের অবস্থানে অর্থাৎ দশ নম্বরে আছেন আরিয়েন রোবেন। ৬১৭ ম্যাচে ডাচ কিংবদন্তি করেছেন ১৪৬ গোল। তালিকায় রোবেন ও রোনালদোর ওপরে আছেন রোমেলু লুকাকু। ৬৭৭ ম্যাচে তাঁর গোল ১৫১টি।

শীর্ষ দশের তালিকায় সবচেয়ে বড় চমকের নাম আর্লিং হলান্ড। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাত্র ২৫ বছর বয়সে তালিকায় জায়গা পেয়েছেন হলান্ড। তিনি আছে ৫ নম্বরে। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৩৬৫ ম্যাচ খেলেই নিজের শক্তিশালী পায়ে (বাঁ পায়ে) করেছেন ১৯৩ গোল। তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে হলান্ডই সবচেয়ে কম ম্যাচ খেলেছেন। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার যদি গোল করার এই গতি ধরে রাখেন তবে খুব দ্রুত হয়তো আরও ওপরে উঠে আসবে তাঁর নাম।

এই তালিকায় হলান্ডের ওপরে আছেন আঁতোয়ান গ্রিজমান (১৯৮), মোহাম্মদ সালাহ (২৩২), হাল্ক (২৬৩) এবং লিওনেল মেসি (৬৪৭)। অর্থাৎ দুই নম্বরে থাকা হাল্কের চেয়ে মেসি ৩৮৪ গোল বেশি করেছেন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, বাঁ পায়ে গোলদাতাদের তালিকায় মেসির অবস্থান কতটা নিরঙ্কুশ। তবে মেসি কিন্তু এখনো থামেননি। অবসরের আগে এই পরিসংখ্যান যে আরও সমৃদ্ধ হতে যাচ্ছে, তা নিশ্চিত করেই বলা যায়।