
ফুটবল মাঠে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। টাইব্রেকারে নিয়মিত গোলকিপার একটি শটও ঠেকাতে পারছেন না। এমন অবস্থায় খোদ অধিনায়ক হাতে তুলে নিলেন গোলকিপারের গ্লাভস! নিজেই দাঁড়ালেন পোস্টের নিচে। কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা।
ঠিক এমন নাটকীয় ঘটনাই দেখা গেল আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
টাইব্রেকারে প্রথম পাঁচটি শটের পর জাবির গোলকিপারকে সরিয়ে গ্লাভস হাতে নেন দলের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ। তবে দলকে জেতাতে পারেননি তিনি। টাইব্রেকারে ৭-৬ গোলে টুর্নামেন্টের প্রথম আসরের সেমিফাইনালিস্ট জাহাঙ্গীরনগরকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে চমক দেখিয়েছে চিটাগং ইনডিপেনডেন্ট।
নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে চিটাগং ইনডিপেনডেন্ট জিতবে—ম্যাচের গতিপ্রকৃতি দেখে এমনটাই মনে হচ্ছিল। তবে তাদের গোলকিপার ইশফাকুর রহমান কোনো সেভ করতে পারছিলেন না। কারণ, জাহাঙ্গীরনগরের খেলোয়াড়েরা নিচ্ছিলেন নিখুঁত শট। অন্যদিকে জাবির গোলকিপার ফারহান ইমতিয়াজের নাগালের মধ্যে ছিল প্রথম দুটি শট। কিন্তু তিনিও ফেরাতে পারেননি। টাইব্রেকারের নিয়মিত পাঁচ শটে দুই দলই গোল করে। স্কোর দাঁড়ায় ৫-৫।
এরপর শুরু হলো সাডেন ডেথ।
প্রথম শটে দুই দলই গোল করল। স্কোরলাইন হলো ৬-৬। এরপর রাকিবুল হক শট নিতে এলেন জাহাঙ্গীরনগরের সপ্তম শটে। কিন্তু তাঁর শট গেল পোস্টের বাইরে। সিআইইউয়ের সামনে এল জয়ের সুবর্ণ সুযোগ!
আর ভুল করেননি কাজী আসিফ মাহমুদ। তাঁর শট জালে জড়াতেই সেমিফাইনালে ওঠার উল্লাসে মেতে ওঠে ইনডিপেনডেন্টের খেলোয়াড়েরা।
ষষ্ঠ ও সপ্তম শটে জাহাঙ্গীরনগরের পোস্টের নিচে দাঁড়িয়েছিলেন অধিনায়ক কিরণ। মজার ব্যাপার হলো, কিরণ কিন্তু মূলত ডিফেন্ডার! তিনি পেশাদার লিগে রহমতগঞ্জ এমএফএসের হয়ে খেলেন। টুর্নামেন্টের প্রথম আসরের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। আজ জাহাঙ্গীরনগরের জার্সিতে মাঠজুড়েই খেলেছেন। দলের খেলা তৈরি করেন তিনিই। নির্ধারিত সময়ে মাঝমাঠ থেকে যা একটু আক্রমণ গড়েছেন, সবই তাঁর কল্যাণে। তবে দলগতভাবে জাহাঙ্গীরনগর আজ ভালো খেলতে পারেনি।
নির্ধারিত সময়ের ১৫ মিনিটে ওয়াদুদ আহমেদ সিজানের গোলে এগিয়ে যায় জাহাঙ্গীরনগর। তবে চট্টগ্রামের দলটি ম্যাচে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। খেলছিলও দারুণ। বলা যায়, জাহাঙ্গীরনগরের চেয়ে ভালো ফুটবল খেলছিল তারাই। এর ফল আসে ৫৭ মিনিটে। কর্নার থেকে দারুণ এক গোল করে সমতা ফেরান মো. রুহুল্লা। সেই গোলই ম্যাচটিকে টাইব্রেকারে নিয়ে যায়। তাতেই বাজিমাত করল ইনডিপেনডেন্ট।
গত আসরে ঢাকার বাইরের প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার চট্টগ্রাম থেকে উঠে এল চিটাগং ইনডিপেনডেন্ট। তারাই এবারের আসরে সবার আগে শেষ চারে পৌঁছেছে।
সেমিফাইনালে ইনডিপেনডেন্টের প্রতিপক্ষ হবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল।
ইনডিপেনডেন্টের ফরোয়ার্ড ওয়াহিদুর রহমান সাইদু হয়েছেন ম্যাচসেরা। তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ও জাহিদ হাসান এমিলি এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সরকার মোহাম্মদ টিপু সুলতান।