প্রথমার্ধের এই উচ্ছ্বাস ম্যাচশেষে থাকেনি কিংসের
প্রথমার্ধের এই উচ্ছ্বাস ম্যাচশেষে থাকেনি কিংসের

বাংলাদেশ ফুটবল লিগ

শেষ মিনিটে গোল করে কিংসকে জিততে দিল না আরামবাগ

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে তিনটি ট্রফিই ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। এবার শুরুটাই হলো ম্যাচে পয়েন্ট খুইয়ে। আজ গোপালগঞ্জে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি কিংস। যোগ করা আট মিনিট সময়ের শেষ মিনিটে গোল খেয়ে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টিতে গোল করে কিংসকে এগিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। অঞ্জন এবারই প্রথম বাংলাদেশের চ্যাম্পিয়ন দলে খেলতে এসেছেন। তাঁর সঙ্গে আজ কিংসের জার্সিতে অভিষেক হয়েছে নেপাল জাতীয় দলের ডিফেন্ডার রোহিত চাঁদ ও আরেক নেপালি ফরোয়ার্ড মানিশ দাঙ্গির। শুধু অভিষেকই নয়, প্রথম ম্যাচে কিংসের অধিনায়কের দায়িত্বও সামলেছেন রোহিত।

নতুন মৌসুম শুরুর আগে অবশ্য মাঠের বাইরে বড় চ্যালেঞ্জ সামলে আসতে হয়েছে কিংসকে। দলবদলে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা ছিল তাদের ওপর। সব নিষেধাজ্ঞা তুলে গত ৩ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ে দল গড়ে তারা। তবে গত কয়েক মৌসুমের দল থেকে এবারেরটি অনেকটাই ভিন্ন। দল ছেড়ে গেছেন তারকা গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন।

আজকের ম্যাচে মাঠের বাইরে ছিলেন তারকা ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষও। এ ছাড়া জাতীয় দলের সঙ্গে থাকায় স্কোয়াডে ছিলেন না গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, মিডফিল্ডার সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড রাকিব হোসেন।

সিনিয়র ও নিয়মিত খেলোয়াড়দের ছাড়া নামা কিংসকে দ্বিতীয়ার্ধে বেশ চাপে ফেলেছিল আরামবাগ। একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা, তবে একের পর এক দারুণ সেভ দিয়ে আরামবাগকে আটকে রাখেন কিংসের গোলকিপার পাপ্পু হোসেন। মনে হচ্ছিল, সেই এক গোলের অগ্রগামিতা আর পাপ্পুর নৈপুণ্যেই ৩ পয়েন্ট পেতে যাচ্ছে কিংস। কিন্তু নাটকের তখনো বাকি ছিল।

শেষ মুহূর্তের গোলে ম্যাচে সমতা আনে আরামবাগ

ম্যাচের শেষ মুহূর্তে বাঁ দিক থেকে গোলমুখে বল বাড়িয়ে দেন মুসা, যা থেকে অসাধারণ এক হেডে আরামবাগকে সমতায় ফেরান শামীম ইয়াসির। কিংস গোলকিপার পাপ্পু বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। গোটা ম্যাচে এই একবারই পরাস্ত হয়েছেন তিনি, আর তাতেই জয় হাতছাড়া হয়েছে কিংসের।