বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ

বাচ্চারা না জ্বালালে মাদ্রিদ ডার্বি দেখবেন জাভি

লা লিগায় বার্সেলোনার অপরাজেয় যাত্রা চলছেই। কাল নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে এলচেকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।

তবে আজ আতলেতিকোর বিপক্ষে জিতলেই বার্সাকে টপকে শীর্ষে উঠে যাবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ নিয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের বাড়তি আগ্রহই থাকার কথা।
তা জাভি কি খুব মনোযোগ দিয়ে মাদ্রিদ ডার্বি দেখার জন্য আজ টেলিভিশনের সামনে বসে যাবেন?

এলচের বিপক্ষে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের উত্তরে একটু মজাই করলেন জাভি, ‘ম্যাচটি দেখার চেষ্টা করব আমি। অবশ্য বাচ্চারা যদি না জ্বালায়।’ জাভি এরপর যোগ করেন, ‘শীর্ষে থাকতে পারাটা ভালো। তবে এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ নয়। এখন শীর্ষে থাকার অনুভূতি নিয়ে ঘুমাতে যাওয়াই ভালো।’

চলতি মৌসুমে বার্সার লিগ অভিযানের শুরুটা হয়েছিল রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ড্র করার পর লা লিগায় টানা ৫ ম্যাচে জয় পেল জাভির দল। তবে চ্যাম্পিয়নস লিগে আবার বার্সা পেয়েছে অম্লমধুর স্বাদ। ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ৫-১ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করা বার্সা পরের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে ২-০ গোলে।

ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র আর বায়ার্নের কাছে হার—এ দুই ম্যাচ এখনো পোড়াচ্ছে জাভিকে, ‘মৌসুমের শুরুটা খুবই ইতিবাচক হয়েছে আমাদের। দুঃখ শুধু আমরা বায়ার্ন আর রায়ো ভায়েকানোর বিপক্ষে জিততে পারিনি। আমরা ভালো করছি বলেই সমর্থকেরা মাঠে আসছে।’

নতুন মৌসুমে বার্সেলোনার ভালো করার রহস্যটাও বললেন জাভি, ‘স্কোয়াডের গভীরতা আছে বলেই আমরা ভালো করছি। দলের সবাই খুব ভালোভাবে তৈরি। ডাক পেলেই ভালো করতে প্রস্তুত তারা। আমার হাতে এখন অনেক বিকল্প।’ এটুকু বলে জাভি ট্রফি জয়ে কী দরকার, সেটাও জানালেন, ‘আসলে একাদশ শিরোপা জেতায় নয়, শিরোপা জেতায় স্কোয়াড।’

ক্যাম্প ন্যুয়ে ১৪ মিনিটেই ১০ জনের দল হয়ে পড়া এলচের বিপক্ষে গোল পেতে অবশ্য ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। লেভা, পেদ্রি, দেম্বেলে, ডিপাই—দলে এত এত গোল স্কোরার থাকার পরও এমন কেন হলো! জাভির উত্তর, ‘৫-৪-১; এই ফরমেশনে খেলা ভয়ংকর রক্ষণাত্মক একটি দলের বিপক্ষে পাওয়া এ জয় খুব গুরুত্বপূর্ণ।’