আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা
আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করায় মাকেও বকা দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা জানিয়েছেন, ফাইনাল নিয়ে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করায় তিনি নিজের মায়ের সঙ্গেও রাগারাগি করেছেন।

আর্জেন্টাইন ‘ইনফ্লুয়েন্সার’ গ্রেগো রোসেলোর সঙ্গে সাক্ষাৎকারে মেদিনা জানিয়েছেন, তাঁর মা তাঁকে বলেছেন, স্পেনের পক্ষে বিশ্বকাপ ফাইনাল সাজানোর গুজব তিনিও কিছুটা বিশ্বাস করেন।

মেদিনার ভাষায়, ‘মা আমাকে বলেছিল, “আমিও বিষয়টা একটু বিশ্বাস করি।” আমি তখন বলেছিলাম, “আরে, তুমিও কি এসব বিশ্বাস করবে? এসব বাদ দাও, আমাকে আর বিরক্ত কোরো না।”’

এরপর মেদিনা তাঁর মাকে প্রশ্ন করেন, ‘তোমার কী মনে হয়, আমরা সেখানে কেন গিয়েছিলাম? মাঠে আমরা অন্য সব দলের মতোই জিততে চেয়েছি। জিতলে আমরাও খুশি হতাম। কিন্তু আমরা হেরেছি, আর সেটি মেনে নিতেই হবে।’

মায়ের সঙ্গে মেদিনা

বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আর্জেন্টাইন সমর্থক দাবি করেন, ট্রফি নাকি আগে থেকে স্পেনের জন্য ‘নির্ধারিত’ ছিল। কেউ কেউ এমনও বলেন, আর্জেন্টিনার ফুটবলাররা নাকি মাঠে নেমেই জানতেন যে তাঁরা জিততে পারবেন না।

তবে শুরু থেকেই এসব দাবি নাকচ করে আসছেন মেদিনা। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর নিজের বাসার বারান্দা থেকে প্রতিবেশীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যেও তিনি এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

সে সময় মেদিনা বলেন, ‘এসব আজেবাজে কথা বিশ্বাস করবেন না। ছবি আর ভিডিওতেই দেখেছেন, আমাদের দলে সব সময় দারুণ ঐক্য ছিল। এসব গুজব বিশ্বাস করবেন না। হারার কষ্ট আমরাও পেয়েছি। আমরা ভীষণ দুঃখ পেয়েছি! তবে জানি, এটা পৃথিবীর শেষ নয়। কারণ, এটা শুধু একটি ফুটবল ম্যাচ। জীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে।’

মেদিনার পাশাপাশি আর্জেন্টিনা দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেসও এ ধরনের ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ষড়যন্ত্রতত্ত্ব যাঁরা ছড়িয়েছেন, তাঁদের সমালোচনা করেন।