মেসির জাদুকরী পাসে মলিনার গোল, এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রতি ম্যাচেই এমন মুহূর্তের অপেক্ষায় থাকে আর্জেন্টিনা। এই ম্যাচেও সেই মুহূর্তটা এলো ৩৫ মিনিটে। লিওনেল মেসির অসাধারণ এক পাসে দৌড়ে এসে শট করে নেদারল্যান্ডসের জালে বল পাঠান নাহুয়েল মলিনা। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই ব্যবধানটা ধরে রেখেই বিরতিতে গেছে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন আনহেল দি মারিয়া। কিন্তু বাঁ ঊরুর চোটে শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি আর্জেন্টাইন উইঙ্গার। নেদারল্যান্ডসের বিপক্ষেও একাদশে রাখা হয়নি দি মারিয়াকে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এদিন দল সাজিয়েছেন ৫-৩-২ ছকে। মিডফিল্ডার আলেহান্দ্রো গোমেসের জায়গায় নেওয়া হয় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে। তিন সেন্টার-ব্যাকের পাশে দুই উইংব্যাক হিসেবে নেমেছেন নাহুয়েল মলিনা ও মার্কোস আকুনিয়া। বোঝাই যাচ্ছিল, গোল খেতে চায় না আর্জেন্টিনা।

মেসির গোল উদযাপন

শুরুর দিকে ওইভাবে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। তবে গোলরক্ষক আন্দ্রিস নেপোর্টের ভুলে ম্যাচের ৮ মিনিটেই একটা বিপদ হতে পারত নেদারল্যান্ডসের। বক্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ থাকার পরেও সতীর্থকে পাস বাড়ান নেপোর্ট। আলভারেজ বলটা নিয়ন্ত্রনে নিতে না পারায় বেঁচে যায় ডাচরা।

আর্জেন্টিনার গোল উদযাপন

ডেনজেল ডামফ্রিস কয়েকবার চেষ্টা করেছেন আক্রমনে যেতে, তবে তাঁকে সামলে নিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা। এর মধ্যেই ২২ মিনিটে মেসি একটা শট নিয়েছেন, তবে সেটা গোলমুখের ধারেকাছেও যায়নি। ৩৩ মিনিটে রদ্রিগো দি পল শট নিয়েছেন। তবে এত দুর্বল শট ছিল সেটা, গোলরক্ষকের কষ্টই হয়নি সেটা ধরতে।

মেসির জাদুকরী মুহূর্তটা আসে এরপরপরই। ডান দিক দিয়ে গড়ে উঠা আক্রমণে বল নিয়ে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। তারপর একটু বাঁ দিকে গিয়ে অসাধারণ এক পাস বাড়ান মলিনার দিকে। দারুণ ফিনশিংয়ে বল জালে পাঠান মলিনা।