লিওনেল মেসির জন্য সাইক্লিং করেছেন তাম্মাত বিল খয়ের
লিওনেল মেসির জন্য সাইক্লিং করেছেন তাম্মাত বিল খয়ের

মেসির জন্য হাজার কিলোমিটার সাইক্লিং, বাংলাদেশি সাইক্লিস্টের গল্প আর্জেন্টিনাতেও

বন্ধু–বান্ধবের সঙ্গে কত রকম বাজিই তো ধরা হয়! তাম্মাত বিল খয়ের সেই বাজি নিজের জন্য ধরেননি। হাজার মাইল দূর দেশের এক সোনার ছেলেকে ভালোবেসে কথাটা বলে ফেলেছিলেন। তাকে ঠিক বাজিও কি বলা যায়? ও এটা করতে পারলে ট্রিবিউট দিয়ে আমি এটা করব...কথাটা এমন ছিল। তাম্মাতের সেই ‘ও’ ঠিকঠাক নিজের কাজটা করার পর তাঁর নিজের কথা রাখার পালা। বন্ধু–বান্ধবেরা তো নাছোড়বান্দা, ‘বলেছিস, এখন করে দেখা!’

ব্যস, তাম্মাত সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। সেই যে হাজার মাইল দূর দেশের ছেলেটি, যে এ পৃথিবীর অযুত তরুণের প্রেরণা, সেই লিওনেল মেসির জন্য তাম্মাত এক হাজার তিন কিলোমিটার সাইক্লিং করে ঘরে ফিরেছেন।

মেসির জন্য তাম্মাতের এই সাইক্লিংয়ের খবর গত ২৯ ডিসেম্বর প্রথম আলোয় প্রথম প্রকাশিত হয়। এরপর দেশের আরও কিছু সংবাদমাধ্যম তাঁকে নিয়ে লিখেছে। ইউনিভার্সিটি অব স্কলার্সে বিবিএর ছাত্রের মেসির প্রতি ভালোবাসা খবর পৌঁছে গেছে আর্জেন্টিনায়ও। দক্ষিণ আমেরিকার দেশটির জাতীয় সংবাদ সংস্থা ‘তেলাম’ মেসির প্রতি তাম্মামের এই ভালোবাসার প্রকাশ নিয়ে লিখেছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ও প্রতিবেদন করেছে তাঁকে নিয়ে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে তাম্মাতকে নিয়ে প্রতিবেদন হয়েছে। মূল স্প্যানিশ থেকে গুগলে অনুবাদ করা হয়েছে

কাতার বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা–ভক্তদের অকুণ্ঠ সমর্থনের স্রোতে লাতিন দেশটির সঙ্গে এখানকার মানুষের বিনিসুতোয় গড়া যে ভালোবাসার সম্পর্ক রচিত হয়েছে, তাম্মাত সেখানে বড় উদাহরণ। কে বলে ফুটবল শুধু মাঠের খেলা! লিভারপুলের কোচ বিল শ্যাঙ্কলির ভাষায়, ফুটবল জীবন-মৃত্যুর চেয়ে বেশি...। তা না হলে দূর দেশের মেসির খেলা দেখে কোনো তরুণ সাইকেল নিয়ে বেরিয়ে পড়বেন কেন? তার চেয়ে বড় প্রশ্ন, কেন এক হাজার তিন কিলোমিটার?

মুঠোফোনে এ নিয়ে কথা হলো তাম্মাতের সঙ্গে। উত্তরটা তাঁর মুখেই শুনুন, ‘ফাইনালের আগে বন্ধুদের বলেছিলাম, ২০১৪ ফাইনালে তো হয়নি। এবার যদি হয়, তাহলে আমি মেসির জন্য এক হাজার তিন কিলোমিটার সাইক্লিং করব। ১ হাজার ৩ কিলোমিটার; কারণ, ফাইনালটা হবে মেসির পেশাদার ক্যারিয়ারের ১ হাজার ৩তম ম্যাচ।’

২৩ বছর বয়সী এই তরুণ আর্জেন্টাইন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মেসির জন্য এভাবে সাইক্লিং করে তিনি আসলে একটি বার্তা দিতে চেয়েছেন, ‘সবাইকে যেটা বোঝাতে চেয়েছিলাম, কখনো হাল ছেড়ো না। নিজের সবটুকু নিংড়ে দাও। বিশ্বকাপ জিততে মেসিকে এক হাজারের বেশি ম্যাচ খেলতে হয়েছে।’

মেসির জন্য সাইক্লিংয়ে নামার পর কিছু খুদের সঙ্গে তাম্মাত

তাম্মাতের কাছে এই প্রসঙ্গে জানতে চাইতেই বলেন, ‘মেসি আমাদের সামনে হাল না ছাড়ার বড় উদাহরণ। এত অপেক্ষার পর (বিশ্বকাপ) নিজের শেষ ম্যাচে গিয়ে বিশ্বকাপ জিতেছেন। হাল না ছাড়ার এর চেয়ে ভালো দৃষ্টান্ত আর কী হতে পারে!’ আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে তাম্মাত তাই বলেছেন, ‘মেসির ওপর বিশ্বাস রেখেছিলাম। তিনি শেষ পর্যন্ত লড়াই করে যোগ্যতাবলেই বিশ্বকাপ জিতেছেন।’ তাঁর এই মন্তব্য টিওয়াইসি স্পোর্টস নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে লিখেছে, এ যেন আরেক আর্জেন্টাইন কণ্ঠস্বর!

কাতার বিশ্বকাপ থেকেই বাংলাদেশ–আর্জেন্টিনার সম্পর্কের ভিত হয়ে গেছে ফুটবল। আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের খবর মেসিদের দেশের সংবাদমাধ্যমে ফলাও করে প্রচারের পর বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে পেজ খুলেছেন আর্জেন্টাইনরা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আর্জেন্টিনায়ও কম আনন্দ হয়নি। তখন আর্জেন্টাইনদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ঢুঁ মেরে মনে হয়েছে, তারাও বাংলাদেশের কণ্ঠস্বর! খেলাধুলা বুঝি এভাবেই দুটি ভিন্ন দেশের সম্পূর্ণ অপরিচিত জনগোষ্ঠীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে দেয়!

তাম্মাত যে আর্জেন্টিনার সমর্থক, তা না বললেও চলে। চট্টগ্রামে জন্ম হলেও বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী সিকদার ও মা গৃহিণী নুর জাহান বেগম থাকেন চট্টগ্রামে। ছয় ভাই ও এক বোনের মধ্যে তাম্মাত সবার ছোট। তিনি বাংলাদেশ পুলিশের সাইক্লিং দলের চুক্তিভিত্তিক খেলোয়াড়। এখন ধানমন্ডিতে থাকেন। ২০১৬ সালে সাইক্লিংয়ের প্রতি তাঁর ভালোবাসার শুরু।

আর্জেন্টিনাতেও সাইক্লিং করতে চান তাম্মাত

পরের বছর একটা কাণ্ড করে বসেন। শুনুন তাম্মাতের মুখেই, ‘এক রাতে সাইকেল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। ২৫ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে তারপর বাড়ি ফিরি।’ তারপর? মানে, বাড়ি থেকে পালানো ছেলেটি বাড়ি ফেরার পর কপালে কী জুটেছিল?

তাম্মাতের উত্তর, ‘কী আর! মহাসড়কে সাইকেল চালানো তো ঝুঁকিপূর্ণ। এটা নিয়ে মা–বাবার অনেক বকা শুনেছি।’

জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৭৫টি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাম্মাত। কিন্তু সাফল্য সেভাবে ধরা দেয়নি। ২০২০ (করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে) বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে জিতেছেন রুপা।

গত মে মাসে ৪১তম জাতীয় সাইক্লিংয়ে জিতেছেন ব্রোঞ্জ। এ নিয়ে অনেকের তেতো কথাও শুনতে হয়েছে তাম্মাতকে। তবু চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় তাঁর প্যাডেলে চাপ মারার প্রেরণা সেই মেসিই, ‘সে যদি এত অপেক্ষার পর, এতটা ত্যাগ স্বীকারের পর সাফল্য পেতে পারে, তাহলে আমি কেন পারব না!’

মেসির জন্য ১ হাজার ৩ কিলোমিটার সাইক্লিংয়ের শুরুটা ২৪ ডিসেম্বর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে শুরু করেন তাম্মাত। তাঁর ভাষায়, ‘শাহপরীর দ্বীপ—বাংলাদেশের মানচিত্রে ওদিকের শেষ ভূখণ্ড থেকে যাত্রা শুরু করি। এরপর প্রথম দিনে চকোরিয়া, দ্বিতীয় দিনে চট্টগ্রাম শহর, তৃতীয় দিনে কুমিল্লা দাউদকান্দি, চতুর্থ দিনে ঢাকা, পঞ্চম দিনে টাঙ্গাইল, ষষ্ঠ দিনে জামালপুরে, সপ্তম দিনে গাইবান্ধা, অষ্টম দিনে পঞ্চগড় এবং নবম দিনে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বেলা ১১টায় সাইক্লিং শেষ করি।’

বাংলাবান্ধা জিরো পয়েন্টের সামনে তাম্মাত বিল খয়ের

তাম্মাত এ সময় নিজে যতটা কষ্ট করেছেন, তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছেন মানুষের ভালোবাসা দেখে। আর্জেন্টিনার জার্সি পরে সাইক্লিং করেছেন। এই ৯ দিনে তাঁকে কোনো হোটেলে থাকতে হয়নি, ‘যতগুলো জেলায় থেমেছি, সেখানে আর্জেন্টিনার সমর্থকেরা আমার থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে বলেছি, তোমরা তো জানো না, পৃথিবীতে তোমাদের পর আর্জেন্টিনা দলকে সবচেয়ে বেশি সমর্থন দেওয়া দেশ বাংলাদেশ।’

টিওয়াইসি স্পোর্টসও তাঁর এমন একটি মন্তব্য প্রকাশ করেছে। সেখানে এই কথাও আছে, ‘আমরা এমনভাবে উদ্‌যাপন করেছি, যেন বিশ্বকাপটা আমরাই জিতেছি!’

আর্জেন্টিনা থেকে অনেকেই তাম্মাতকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নক’ করছেন। একসঙ্গে সাইক্লিংয়ে বের হওয়ার প্রস্তাব দিয়েছেন। এমন কিছু যদি হয়, তাহলে এই যে বিনিসুতোর মালায় গাঁথা সম্পর্ক রচিত হলো, সেটিকে ঠিক কোথায় দেখতে চান তাম্মাত? প্রশ্নটির উত্তরে এই মেসিভক্ত বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, এতে দুই দেশের পর্যটনে ব্যাপক পরিবর্তন আসবে। লাতিন আমেরিকানরা বাংলাদেশ ভ্রমণে আসতে চাইবেন।’ আর তাম্মাত? তাঁর নিজের কী ইচ্ছা?

তাম্মাত শৈশব থেকেই আর্জেন্টিনার সমর্থক

গতকালই নিজের ইচ্ছাটা ‘তেলাম’কে বলেছেন এই সাইক্লিস্ট, ‘আমি আর্জেন্টিনাকে জানতে চাই, যেটা মেসির দেশ। সেখানে রোজারিও থেকে রিও গালেগোয়েস পর্যন্ত ২ হাজার ৬০০ কিলোমিটার রাস্তায় সাইক্লিং করতে চাই। এই সফরের মাধ্যমে আমি আর্জেন্টিনার সংস্কৃতি সম্বন্ধে জানতে চাই। এতে আর্জেন্টাইনরাও বাংলাদেশ সম্বন্ধে আরও বেশি জানতে পারবে।’