
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে রাজত্ব ধরে রেখেছে বাংলাদেশ। ২০২৪ সালের পর ২০২৬ সালেও জিতল শিরোপা। গত রাতে মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মাঠের এই সাফল্যে একক কোনো বীরত্বের চেয়ে দলীয় সংহতি বড় হয়ে উঠলেও পুরো টুর্নামেন্টে আলো কেড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। ১২ নম্বর জার্সি গায়ে জড়ালেও মাঠের পারফরম্যান্সে তিনি ছিলেন খাঁটি ‘নাম্বার নাইন’ এবং খেলেছেনও সেই পজিশনেই।
বাংলাদেশের সাফল্যের এই পথচলা মোটেও মসৃণ ছিল না। গত ২৮ জানুয়ারি যশোরের শামসুল হক একাডেমিতে শুরু হওয়া প্রাথমিক ক্যাম্প চলে ১৪ ফেব্রয়ারি পর্যন্ত। এরপর প্রিমিয়ার লিগের ব্যস্ততায় মাঝপথে এক মাসের বিরতি পড়ে। দলের বেশির ভাগ ফুটবলারই ঘরোয়া লিগের শীর্ষ দলগুলোতে খেলছেন। গোলকিপার মাহিন, মিডফিল্ডার কামাল ঢাকা মোহামেডানে, সেন্টার ব্যাক ইউসুফ, মিডফিল্ডার চন্দন বসুন্ধরা কিংসে। সেন্টার ব্যাক ও অধিনায়ক মিঠু ও লেফট উইঙ্গার মোর্শেদ ফর্টিস এফসিতে, মিডফিল্ডার ফয়সাল আর ফরোয়ার্ড মানিক পিডব্লুউডিতে। সেন্টার ব্যাক রিয়াদ ঢাকা আবাহনীতে খেলেন।
গত ১৬ মার্চ আবার শুরু হয় ক্যাম্প। ঢাকা আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের পর ১৮ মার্চ ক্যাম্পে যোগ দেন সুলিভান ভাইয়েরা। মাত্র কয়েক দিনের অনুশীলনে নিজেকে মানিয়ে নিয়ে রোনান বুঝিয়ে দেন, তিনি বিশেষ কিছুর জন্যই এসেছেন।
মালের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের নায়ক ছিলেন রোনান। দলের ২-০ গোলের জয়ে দুটি গোলই তাঁর। একটি দর্শনীয় ফ্রি-কিকে এবং অন্যটি নিখুঁত হেডে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও অবদান ছিল তাঁর। রোনানের নেওয়া কর্নার থেকে সেন্টার ব্যাক রিয়াদ গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। সেমিফাইনাল ও ফাইনালেও সুলিভানের বুদ্ধিদীপ্ত ফুটবল নজর কেড়েছে দর্শকদের।
দলের কোচিং স্টাফদের মতে, রোনানের বড় শক্তি হলো তাঁর ‘গেম সেন্স’ ও দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা। নানি বাংলাদেশি হওয়ার সুবাদে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এই তরুণের মধ্যে দেশের প্রতি টান চোখে পড়ার মতো। প্রতিটি গোলের পর লাল-সবুজ পতাকা নিয়ে তাঁর উল্লাস ছিল অকৃত্রিম। ফুটবল বোদ্ধাদের বিশ্বাস, রোনানকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে বাংলাদেশ জাতীয় দলের ‘নাম্বার নাইন’ বা স্ট্রাইকার সংকটের দীর্ঘমেয়াদি সমাধান মিলতে পারে।
সহকারী কোচ আকবর হোসেন রিদন মালে থেকে ফোনে প্রথম আলোকে বলেন, ‘পরিচর্যা করতে পারলে বাংলাদেশের নাম্বার নাইন সংকট সে দূর করতে পারবে। একটা দেশে প্রথম এসেই ওর মধ্যে যে দেশাত্মবোধ দেখেছি তা অসাধারণ। গেম সেন্স খুব ভালো। সহজেই সবকিছু বুঝতে পারে। সত্যি বলতে, কারও মধ্যে দেশাত্মবোধ থাকলে খুব বেশি কোচিং লাগে না। মনে বাংলাদেশ আর মাথায় ফুটবল থাকলে আর কিছু লাগে না।’
শুধু রোনান নন, ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজও সম্ভাবনাময় ফুটবলার। সাফ অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে শুধু প্রথম ম্যাচটা খেলেন। ফিটনেস সমস্যা ছিল তাঁর কিছুটা। টেকনিক্যালি খুব ভালো। রিদন বলেন, ‘ইব্রাহিম নেওয়াজের গেম নলেজ অত্যন্ত উঁচু মানের। বয়সভিত্তিক ক্যাম্পে তাদের আরও আগে আনা গেলে আরও ভালো ফল পাওয়া যাবে।’
সুলিভানের ভাই ডেকলান ফাইনালসহ দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, আগামীতে এসব প্রবাসী ফুটবলারকে আরও আগে থেকে ক্যাম্পে যুক্ত করতে পারলে দল আরও শক্তিশালী হবে।
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের সাফে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে চাবিকাঠি ছিল দীর্ঘদিনের বোঝাপড়া। বাফুফে এলিট একাডেমির এই দলটির ফুটবলাররা অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকেই একসঙ্গে খেলে আসছেন, যার ফল পাচ্ছে বাংলাদেশ।
আইরিশ কোচ মার্ক কক্স গত ১২ মার্চ ঢাকায় আসেন। এরপর তাঁর হাতে দেওয়া হয় দলের দায়িত্ব। তবে মাঠের কৌশলে দেশীয় কোচ আকবর হোসেন রিদন ও আতিকুর রহমানের ওপর আস্থা রেখেছিলেন তিনি। এ ছাড়া গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্যের অধীনে গোলরক্ষকদের আত্মবিশ্বাস এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সরাসরি তত্ত্বাবধান দলটিকে একটি পরিবারে পরিণত করেছে, এমনটাই বলছেন কোচিং স্টাফের সদস্যরা।
সাফের এই ট্রফি শুধুই একটি শিরোপা নয়, বরং রোনান সুলিভানের মতো উদীয়মান তারকাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলের আগামীর ইঙ্গিত। হৃদয়ে বাংলাদেশ আর মাথায় ফুটবল ম্যাচ জয়ের জেদ থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব, অনূর্ধ্ব-২০ দল আরও একবার তা প্রমাণ করল।
বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দল আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকায় ফিরবে।