মোহামেডান–বসুন্ধরা কিংসের ফাইনাল নিয়ে বিতর্ক
মোহামেডান–বসুন্ধরা কিংসের ফাইনাল নিয়ে বিতর্ক

ফেডারেশন কাপ

ফাইনাল আজ হচ্ছে না, মোহামেডানকে ট্রফি দিয়ে দিতে বলল কিংস

অনেক নাটকের পর শেষ পর্যন্ত আজ ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল হচ্ছে না। ম্যাচটি হবে আগামীকাল।

আজ সকালে বাফুফে নির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে, ফাইনাল হবে বসুন্ধরার মাঠ কিংস অ্যারেনাতেই। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।

তবে বসুন্ধরা কিংস আজ বাফুফেকে চিঠি দিয়ে ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন না করে ট্রফিটি মোহামেডানকে দিয়ে দেওয়ার অনুরোধ করেছে। চিঠিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে খুব বেশি সম্মানবোধের জায়গা নেই। তাই আমরা ফাইনালটি বাতিল করার পাশাপাশি চ্যাম্পিয়নের পদক ফাইনালে ওঠা অন্য দলকে দেওয়ার অনুরোধ করছি।’

কিংস অ্যারেনাতেই ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু মোহামেডান ফাইনালে ওঠার পর গত বুধবার কিংসের বিপক্ষে তাদেরই মাঠে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে অচলাবস্থা নিরসনে কাল দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে সভায় বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতে কিংসের মাঠে না খেলার সিদ্ধান্তে অনড় থাকে মোহামেডান।

ফলে গতকাল আর সিদ্ধান্ত দিতে পারেনি বাফুফে। তবে গতকাল রাতেই মোহামেডানকে বুঝিয়েসুঝিয়ে কিংসের মাঠে খেলতে রাজি করায় বাফুফে। কিছু শর্ত দিয়ে বাফুফের এই প্রস্তাবে রাজি হয় মোহামেডান।

এ প্রসঙ্গে মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সর্বশেষ বাফুফেকে বলেছি, বাফুফেকে চিঠি দিয়ে এই নিশ্চয়তা দিতে হবে যে মোহামেডান কোনো অবিচারের শিকার হবে না। আর কিংস বাফুফেকে বলবে, কিংস অ্যারেনায় ফাইনাল হলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি এক দিন ফাইনাল পেছাতে হবে। তাহলেই আমরা কিংস অ্যারেনায় ফাইনাল খেলব।’