একসঙ্গে তিন ভাই– বাঁয়ে ফ্লোরেন্তিন পগবা, মাঝে পল পগবা আর ডানে ম্যাথিয়াস পগবা। ছবিটি ২০১৯ সালে তোলা।
একসঙ্গে তিন ভাই– বাঁয়ে ফ্লোরেন্তিন পগবা, মাঝে পল পগবা আর ডানে ম্যাথিয়াস পগবা। ছবিটি ২০১৯ সালে তোলা।

পল পগবার মামলায় ভাই আটক

ভাইয়ের বিরুদ্ধে ভাই, এ যেন ঘরের শত্রু বিভীষণ। পল পগবাকে ‘কাপুরুষ, বিশ্বাসঘাতক ও ভণ্ড’ অভিহিত করে তাঁর সম্পর্কে ‘বিস্ফোরক’ তথ্য উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন ভাই ম্যাথিয়াস পগবা। এরপর জুভেন্টাস তারকা বলেছিলেন, একটি সংঘবদ্ধ চক্র তাঁর কাছে চাঁদা দাবি করেছে, যে দলে তাঁর ভাই ম্যাথিয়াস পগবাও আছে। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও জানান তিনি।

পল পগবার করা সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ভাই ম্যাথিয়াসকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করে আইন বিভাগের একটি সূত্র এএফপিকে জানায়, বুধবার বিকেলে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ ম্যাথিয়াসকে আটক করে।

চাঁদাবাজদের বিরুদ্ধে করা পল পগবার অভিযোগে ম্যাথিয়াসই অবশ্য প্রথম আটক নন, মঙ্গলবার ও বুধবার মিলিয়ে সন্দেহভাজন আরও ৩ জনকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার ম্যাথিয়াসের আইনজীবী রিচার্ড আরবিব জানান, তার মক্কেল চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

গত ২৭ আগস্ট চারটি ভাষায় (ফ্রেঞ্চ, ইতালিয়ান, ইংলিশ ও স্প্যানিশ) তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন ম্যাথিয়াস। সেখানে তিনি পল সম্পর্কে অনেক তথ্য ফাঁস করে দেবেন বলে জানান। এ সময় ফ্রান্স ও জুভেন্টাসের অন্য সব ফুটবলার ও স্পনসরদের পল পগবা সম্পর্কে বিস্তারিত জানা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর পুলিশের কাছে যান পল। লিখিত অভিযোগে জানান, গত মার্চ থেকে একটি সংঘবদ্ধ চক্র তাঁর কাছ থেকে ১৩ মিলিয়ন ইউরো চাঁদা দাবি করছে। ওই চক্রের দুজন তাঁর ছোটবেলার বন্ধু। তাঁদের সঙ্গে নিজের ভাই ম্যাথিয়াসকেও দেখেছেন তিনি।

পগবার অভিযোগের পর এ বিষয়ে যৌথ তদন্ত করছে ফরাসি পুলিশের অ্যান্টি-গ্যাং এবং সেন্ট্রাল ক্রাইম ইউনিট। তদন্ত দেখভালের জন্য গত সপ্তাহে ২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এরই মধ্যে পল ও ম্যাথিয়াসের মায়ের সঙ্গে কথা বলেছে পুলিশ।