
কয়েক দিন আগেও ছিলেন বিশ্বকাপের মঞ্চে; আর এখন না ফেরার দেশে! এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাঝমাঠের তারকা জেইডেন অ্যাডামস আজ বিকেলে কেপটাউনে মৃত্যুবরণ করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অ্যাডামস ছিলেন শুরুর একাদশে। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের হারে তিনি মাঠে ছিলেন ৬১ মিনিট। চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথমার্ধে একাদশে ছিলেন।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ১০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি। সেটিই ছিল তাঁর জীবনের শেষ ম্যাচ। প্রথমবারের মতো নক আউট পর্বে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামা হয়নি তাঁর।
২৫ বছর বয়সী অ্যাডামস তাঁর পুরো ক্যারিয়ার কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। স্টেলেনবশ ক্লাবের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার গত বছর যোগ দেন মেমলোদি সানডাউনসে। দক্ষিণ আফ্রিকায় জার্সিতে ৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল।
অ্যাডামসের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছে সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন ও সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন।
এক শোকবার্তায় তারা জানায়, ‘জেইডেন সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি অত্যন্ত গর্ব, সাহস ও দক্ষতার সঙ্গে দেশের আশা-আকাঙ্ক্ষা বহন করেছিলেন। তাঁর এই চলে যাওয়া তাঁর পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি এক শোকবার্তায় জানান, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল এক উজ্জ্বল প্রতিভাকে হারাল। তাঁর পরিবার, সতীর্থ ও কোটি কোটি সমর্থক, যাঁরা তাঁকে যুব দলের খেলোয়াড় থেকে আন্তর্জাতিক তারকা হতে দেখেছেন, তাঁদের জন্য আজ শোকের দিন। আজ আমাদের পুরো দেশ শোকাহত।’