ব্রাজিল জাতীয় ফুটবল দলে ‘১০ নম্বর’ জার্সি শুধু একটি সংখ্যা নয়, বরং বিশাল এক ঐতিহ্য, দায়িত্ব ও মর্যাদার প্রতীক। এই জার্সি পরেই ইতিহাস গড়েছেন পেলে-জিকো-রোনালদিনিওর মতো কিংবদন্তিরা। এরপর দলীয় শ্রেষ্ঠত্বের মর্যাদার অন্যতম এই স্মারক ওঠে নেইমারের গায়ে।
ব্রাজিল দলে লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে চলে যান। এরপর এই জার্সিটি কখনো কখনো পরেছেন রাফিনিয়া, আবার কখনো ভিনিসিয়ুস জুনিয়র।
তবে নেইমার বিশ্বকাপ দলে ফেরার পর ‘১০ নম্বর’ জার্সি কে পরবেন, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। গুঞ্জন শোনা যায়, নেইমার নন ভিনিসিয়ুসই হয়তো এই জার্সি পরতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ভিনি নিজেই।
রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার বলেছেন, এই ‘১০’ নম্বর জার্সি তাঁর কাছে বিশেষ কিছু নয়, বরং এটি নেইমারেরই প্রাপ্য। ভিনিসিয়ুস এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল ‘কেইয টিভি’-কে বলেন, ‘আমি এখনো জানি না বিশ্বকাপে আমার জার্সি নম্বর কী হবে, তবে ১০ নম্বর জার্সি নেইমারেরই। এটা তো স্পষ্ট।’
ভিনিসিয়ুস ব্রাজিল জাতীয় দলে ২০২২-২৩ মৌসুম থেকে বিভিন্ন সময়ে ‘১০ নম্বর’ জার্সি পরেছেন। বিশেষ করে নেইমার চোটের কারণে অনুপস্থিত থাকায় তাঁকে নেতৃত্বের ভূমিকাও পালন করতেও দেখা গেছে।
এখন নেইমার যদি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেন, সে ক্ষেত্রে ভিনিসিয়ুস হয়তো আবারও নিজের চিরচেনা ‘৭ নম্বর’ জার্সি পরবেন।