ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ এবং দলবদলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে আরও চার দিন সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে ৪ আগস্ট ছিল নির্ধারিত শেষ সময়। পরে বাফুফে সেটি বাড়িয়ে ৭ আগস্ট করে। এবার দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ আগস্ট।
আজ এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএফ) ২০২৬–২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সের শর্তসমূহ পূরণের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’
তিন ক্লাবের মধ্যে সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ক্লাবটির বিরুদ্ধে নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর ফিফার নিষেধাজ্ঞা সংখ্যা ১২টি। তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিতে থাকলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় ঢাকা আবাহনী। দলটির বিরুদ্ধে মোট তিনটি নিষেধাজ্ঞা এসেছিল, এর মধ্যে দুটি প্রত্যাহার হলেও একটি এখনো বহাল।
অন্যদিকে গত মৌসুমে অবনমিত হলেও এবার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়া ফকিরেরপুল ইয়ংমেনসের বিরুদ্ধে রয়েছে দুটি নিষেধাজ্ঞা।
মূলত খেলোয়াড় ও কোচদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় এসব নিষেধাজ্ঞার মুখে পড়েছে ক্লাবগুলো। বসুন্ধরা কিংস প্রথম নিষেধাজ্ঞা পায় গত বছরের ২৭ আগস্ট। এরপর ক্লাবটির বিরুদ্ধে আরও ১১টি নিষেধাজ্ঞা আরোপ হয়। আবাহনীর একমাত্র বহাল নিষেধাজ্ঞাটি রয়েছে গত বছরের ২১ নভেম্বর থেকে। আর ফকিরেরপুল ইয়ংমেনসের দুটি নিষেধাজ্ঞা আসে চলতি বছরের ২৪ ও ২৭ মার্চ।
ফিফার দলবদল নিষেধাজ্ঞা বহাল থাকলে কোনো ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারে না। পাশাপাশি ঘরোয়া লিগে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ক্লাব লাইসেন্স পাওয়াও অনিশ্চিত হয়ে পড়ে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের একমাত্র উপায় হলো অভিযোগকারী খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছে বকেয়া অর্থ পরিশোধ করা। কোনো জরিমানা থাকলে সেটিও নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয় এবং সংশ্লিষ্ট সব প্রমাণপত্র ফিফার নির্ধারিত পোর্টালে জমা দিতে হয়। কিছু ক্ষেত্রে কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ থাকলেও সে জন্য লিখিত সমঝোতা বাধ্যতামূলক। সব নথি যাচাই করে সন্তুষ্ট হলে ফিফার ডিসিপ্লিনারি বিভাগ আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়।
২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা নতুন ঘরোয়া মৌসুমের। এরপর ২৪ আগস্ট মাঠে গড়াবে ফেডারেশন কাপ এবং ২৮ ও ২৯ আগস্ট শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড। মৌসুম শুরুর আগে তাই তিন ক্লাবের সামনে এখন সময়ের লড়াই। ১১ আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে পারে কি না, সেটিই দেখার।