
আধুনিক ফুটবলে দলের সঙ্গে একজন ভিডিও অ্যানালিস্ট অপরিহার্য হলেও ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসা বাংলাদেশ নারী দলের সঙ্গে এত দিন এমন কোনো টেকনিক্যাল ব্যক্তি ছিলেন না! অবশেষে ভিডিও অ্যানালিস্ট মেহেদী হাসান সিদ্দিক ঢাকা থেকে উড়ে এসে আজ সকালে গোয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আজ রাত ৮টায় গোয়ার রাজধানী মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের হ্যাটট্রিক মিশন শুরু করবে বাংলাদেশ।
খেলোয়াড়দের মাঠে শক্তি-দুর্বলতা বিশ্লেষণ, প্রতিটি মুভমেন্ট রেকর্ড ও প্রতিপক্ষ দল পর্যবেক্ষণে ভিডিও অ্যানালিস্টের ভূমিকা অনেক। এর আগে পুরুষ ও নারী—দুই দলের সঙ্গেই কাজ করেছেন মেহেদী। কিন্তু গত ডিসেম্বরের পর মেহেদীকে দায়িত্বে রাখেনি বাফুফে। এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে অনেক দেরিতে। নিয়োগে দেরি আর ও ভিসা জটিলতায় দলের সঙ্গে থাইল্যান্ড বা ভারতে আসতে পারেননি তিনি। শেষ পর্যন্ত যখন এলেন, তখন দল মাঠে নামতে বাকি মাত্র কয়েক ঘণ্টা।
তবে আগেভাগেই কিছু কাজ এগিয়ে রেখেছেন মেহেদী। কোচ পিটার বাটলারের নির্দেশনায় মালদ্বীপের বিপক্ষে ভারতের ১১-০ গোলে জেতা ম্যাচ এবং নেপাল ও ভুটানকে নিয়ে কাজ করেছেন তিনি। ইউটিউবে ভারতের খেলা দেখে নিজের পর্যবেক্ষণ আজ দুপুরের পর টিম মিটিংয়ে কোচের কাছে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরার কথা তাঁর।
ঋতুপর্ণা-মারিয়াদের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় এবারও আশাবাদী মেহেদী। তিনি বলেছেন, বাংলাদেশের মেয়েরা অনেক নিবেদিত এবং পরিণত। তাঁরা জানেন কীভাবে সাফল্য পেতে হয়।