
মাঠে নামার আগে মাঠের বাইরের ঘটনাই যেন বেশি আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। কোচ জেরার্ড জোন্সকে বরখাস্তের গুঞ্জন, সহকারী কোচের সঙ্গে তাঁর হাতাহাতি, নিরাপত্তা নিয়ে অভিযোগ, বেতন নিয়ে অসন্তোষ—সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আগে দলকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক নাটকীয়তা।
এর মধ্যেই আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন। তবে সেখানে ছিলেন না প্রধান কোচ জেরার্ড জোন্স, সহকারী কোচ আতিকুর রহমান কিংবা কোনো খেলোয়াড়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে কথা বলেছেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল গত মঙ্গলবার। পরে সেটি স্থগিত করা হয়। আজ দল উজবেকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা সারা হয়।
কেন কোচ-খেলোয়াড়দের কাউকেই সামনে আনা হয়নি, তার ব্যাখ্যায় সামিদ বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেটার তদন্তও চলছে। এই পরিস্থিতিতে আমরা চাইনি কোচদের মিডিয়ার মুখোমুখি করতে।’
গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান জেরার্ড জোন্স। পরে জোন্স নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। ঘটনাটি তদন্ত করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন জোন্স, আতিকুর দুজনই।
জোন্স অবশ্য সম্প্রতি আরেকটি বিতর্কেও জড়িয়েছেন। গত ১০ আগস্ট বেতন পাননি বলে ফেসবুকে পোস্ট করেন, নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন।
৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও আছে ভারত ও সিরিয়া। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতেই দেশ ছাড়ার কথা অনূর্ধ্ব-২০ দলের।