আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে

আর্জেন্টিনায় মেসির ১০ নম্বর জার্সি এখন কে পাবেন

২০০৯ সালের ২৮ মার্চ।

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার চার গোলের উৎসব। কিন্তু সেই জয়কে ছাপিয়ে স্মৃতিতে খোদাই হয়ে আছে অন্য একটি দৃশ্য। নীল-সাদা জার্সির পিঠে চিরচেনা সেই সংখ্যা—১০। লিওনেল মেসি সেদিন প্রথমবারের মতো গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি।

তারপর কেটে গেছে ১৭ বছর। এই সময়ের মধ্যে ১০ নম্বর জার্সি যেন মেসির শরীরেরই অংশ হয়ে গিয়েছিল। ১৭২ ম্যাচে তিনি এই জার্সি পরে খেলেছেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা, আরিয়েল ওর্তেগা, হুয়ান রোমান রিকেলমে, মারিও কেম্পেসরা এই জার্সিকে মহিমা দিয়েছেন। কিন্তু সংখ্যার ভাষায়, সময়ের মাপে, প্রভাবের গভীরতায় মেসির গায়েই এই জার্সির সবচেয়ে দীর্ঘ অধ্যায়।  

আর্জেন্টিনায় ১০ নম্বর মানেই দলের প্রাণভোমরা। সেই খেলোয়াড়ের পায়ে বল গেলে স্টেডিয়ামের বাতাস বদলে যায়। সমর্থকদের আশা, ভালোবাসা, কখনো রাগ আর অভিমান সব মিলেমিশে থাকে এই এক সংখ্যায়। তাই এই জার্সির ভার শুধু মাঠে খেলার নয়, মানসিকও।

মেসি যখন অবসরের ঘোষণা দিলেন, প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই এসেছে, এবার ১০ নম্বর জার্সি যাবে কার গায়ে?

মেসির দীর্ঘ ক্যারিয়ারে এমন অনেক সময় এসেছে, যখন তিনি মাঠে ছিলেন না। সেই সময়ে ১৭ জন খেলোয়াড় এই জার্সি পরেছেন। সবচেয়ে বেশি ৭ বার সের্হিও আগুয়েরো। আনহেল কোরেয়া পরেছেন ৫ বার। আবার ২৮টি ম্যাচে এই জার্সি খালি ছিল। যেন অপেক্ষায়, তার আসল মালিকের জন্য।

আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

এখন সেই অপেক্ষা অন্য রকম। এবার নতুন কাউকে বেছে নিতে হবে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’ বলছে, উত্তরটা হয়তো খুব দূরে নয়। সাম্প্রতিক সময়ে যাঁরা এই জার্সি পরে মাঠে নেমেছেন, তাঁদের মধ্যেই খুঁজতে হবে উত্তরাধিকারীকে।

তালিকাটা একেবারে ছোট নয়। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস গঞ্জালেস। তবে বাস্তবতার হিসাব বলছে, সবাই সমান সম্ভাবনাময় নন।

মেসির উপস্থিতিতে শেষবার ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তরুণ এই মিডফিল্ডার প্রতিভাবান ঠিকই, কিন্তু এত দ্রুত এই বিশাল দায়িত্ব তাঁর কাঁধে পড়বে, এমনটা ভাবা কঠিন। বরং বেশি সম্ভাবনার নাম অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলে তিনি ১০ নম্বর জার্সি পরেন। মাঠে তাঁর সৃজনশীলতা, খেলা পড়ার ক্ষমতা, সব মিলিয়ে এই জার্সির সঙ্গে মানানসই একটি প্রোফাইল।

তবে চমকও থাকতে পারে। এনজো ফার্নান্দেজ এখনো আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেননি। কিন্তু স্কালোনির মাঝমাঠে তিনি অন্যতম ভরসা। খেলা গড়ে তোলার দায়িত্ব তাঁর পায়ে। তাই তাঁকেও অনেকেই বাস্তবসম্মত বিকল্প ভাবছেন।

নিকো পাজ

আরেকটি নাম বারবার উঠে আসছে নিকোলাস পাজ। বয়স মাত্র ২১। কিন্তু প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছেন। নিজের ক্লাব কোমোতে ১০ নম্বর জার্সি পরেন। আর্জেন্টিনার হয়ে ম্যাচসংখ্যা এখনো কম। তবু অনেকের চোখে তিনি দলের ভবিষ্যতের প্রতীক।

লাওতারো মার্তিনেজের কথাও ভুলে গেলে চলবে না। ইন্টার মিলানে ১০ নম্বর জার্সি তাঁর, ক্লাবের অধিনায়কও। গোল করার ক্ষমতা আছে, নেতৃত্বের গুণও আছে। তবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কি আবার কোনো ফরোয়ার্ডের গায়ে উঠবে, সেটাও এক প্রশ্ন।

শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেবেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু যাঁকেই বেছে নেওয়া হোক, তিনি শুধু একটি জার্সি পাবেন না। তিনি পাবেন ইতিহাসের ভার, প্রত্যাশার পাহাড়, আর এক অনিবার্য তুলনা।

কারণ, আর্জেন্টিনার ১০ নম্বর মানে এখন একটাই নাম, একটাই ছায়া। লিওনেল মেসি।