কোনো ফুটবলারের চোখে সানগ্লাস দেখলে প্রথমে মনে হতে পারে, ফ্যাশনের ব্যাপার। মাঠের বাইরে তারকাদের সাজপোশাকের অংশ। একটু স্টাইল, একটু আভিজাত্য। কিন্তু সেই চশমার ভেতর যদি লুকিয়ে থাকে ক্যামেরা, স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা আর পারফরম্যান্স বিশ্লেষণের প্রযুক্তি, তখন ব্যাপারটা আর শুধু ফ্যাশনে আটকে থাকে না।
ফুটবলের মাঠে চশমার ব্যবহার অবশ্য একেবারে নতুন নয়। নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার এডগার ডেভিডসকে তো বিশেষ চশমা পরেই খেলতে দেখা গেছে। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা সানগ্লাস পরে ব্যাট করেছেন। ড্যানিয়েল ভেট্টোরি পুরো ক্যারিয়ার কাটিয়েছেন সাধারণ চশমা পরে। গলফ, সাইক্লিং কিংবা দীর্ঘ দূরত্বের দৌড়েও চশমার ব্যবহার পরিচিত দৃশ্য।
কিন্তু ফুটবলে চশমা নিয়ে বড় বাণিজ্যিক পরিকল্পনা? সেখানে নতুন গল্পের নাম ওকলে। ক্যালিফোর্নিয়া–ভিত্তিক এই ব্র্যান্ডের পরিচিতি একসময় ছিল স্কিইং কিংবা সার্ফিংয়ের মতো খেলায়। এখন তারা ফুটবলের বড় তারকা, অভিজাত ক্লাব ও আধুনিক প্রযুক্তির দুনিয়ায় নিজেদের জায়গা করে নিয়েছে। সেই অভিযাত্রায় বড় দুই নাম কিলিয়ান এমবাপ্পে ও আর্সেনাল।
২০২২ সালে কিলিয়ান এমবাপ্পেকে বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করে ওকলে। ফরাসি তারকার সঙ্গে দীর্ঘমেয়াদি ও আকর্ষণীয় এই চুক্তি ছিল প্রতিষ্ঠানটির জন্য বড় বাণিজ্যিক সাফল্য। পরে এমবাপ্পের নামে ‘কাটো’ ও ‘এইচএসটিএন’ নামে দুটি সিগনেচার লাইনও বাজারে আনে তারা। চুক্তির সময় এমবাপ্পে বলেছিলেন, ‘ওকলের মনোভাবের সঙ্গে আমি অনেক দিক থেকেই মিল খুঁজে পাই, তাদের উদ্ভাবনী স্পৃহা এবং ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ আমাকে টানে। আর অবশ্যই, এই চশমাগুলো দারুণ।’
এখন সেই সম্পর্কের নতুন অধ্যায় ‘মেটা ভ্যানগার্ড’। মেটার সঙ্গে যৌথভাবে তৈরি এআই-সমর্থিত স্মার্ট চশমাটিতে রয়েছে ওকলের সিগনেচার প্রিজম লেন্স, ১২ মেগাপিক্সেলের বিল্ট-ইন ক্যামেরা এবং গান শোনা ও ফোনে কথা বলার জন্য স্পিকার। স্মার্টওয়াচের সঙ্গেও যুক্ত করা যায় এটি। ফলে পারফরম্যান্সের বিভিন্ন তথ্যও রাখা সম্ভব।
এমবাপ্পে নিজেও এই প্রযুক্তি নিয়ে রোমাঞ্চিত। ‘ব্রোবাইবেল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রতিযোগিতামূলক অ্যাথলেট হিসেবে নিজের পারফরম্যান্সের উন্নতিতে সাহায্য করে, এমন যেকোনো বাড়তি সুবিধার খোঁজ আমি সব সময়ই রাখি। মেটা ও ওকলে যা তৈরি করেছে তা সত্যিই রোমাঞ্চকর, কারণ এটি অ্যাথলেটদের অনুশীলন এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার সীমাকে আরও বাড়িয়ে দেয়। এর মূল লক্ষ্য হলো নিজের কাজে মনোযোগ রেখে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে পারফরম্যান্সের উৎকর্ষ সাধন করা। এ ভাবনাটি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’
কেন এতটা আগ্রহ এমবাপ্পের? কারণ, এই চশমা দিয়ে অনুশীলনের সময় নিজের চোখে দেখা দৃশ্য সরাসরি ধারণ করা যায়। ফোন বের করার ঝামেলা নেই। আছে স্লো মোশনে ড্রিবলিং ও শুটিংয়ের দৃশ্য ধারণের সুবিধাও। এমবাপ্পে বলেছেন, ‘আমার কাছে চশমাটির অন্যতম সেরা একটি ফিচার হলো হ্যান্ডস-ফ্রি ক্যামেরা। ফোন বের করার কোনো ঝামেলা ছাড়াই আমি অনুশীলনের সময় নিজের দৃষ্টিভঙ্গি থেকে মুহূর্তগুলো ধারণ করতে পারি। এছাড়া এর একটি ক্যামেরা মোড রয়েছে, যার সাহায্যে আমি ধীরগতিতে (স্লো মোশন) আমার ড্রিবলিং ও অনুশীলনে শুটিং রেকর্ড করতে পারি।’
এখানেই শেষ নয়। নিজের অনুশীলনের ভুলত্রুটিও খুঁজে বের করতে পারবেন তিনি। এমবাপ্পের ভাষায়, ‘নিজের মুভমেন্ট বা ট্রেনিং সেশনগুলো পেছনে ফিরে দেখা এবং আগে যেসব বিষয় নিজে বিশ্লেষণ করতে পারতাম না, তা নিখুঁতভাবে দেখার এটি দারুণ সুযোগ। মেটা-ওকলি ভ্যানগার্ডের মাধ্যমে আমি আমার শারীরিক নড়াচড়াগুলো পর্যালোচনা করতে পারি, সেটা দৌড় হোক, ড্রিবলিং কিংবা গোল করার শেষ মুহূর্তে শট। এটি আমাকে ছোটখাটো কৌশলগত ভুলগুলো শুধরে নিতে এবং কীভাবে আরও উন্নতি করা সম্ভব, তা সঠিকভাবে বুঝতে সাহায্য করে, যা আমার উন্নতির জন্য সত্যিই ভীষণ কাজে লাগে।’
ভাবুন তো, এমবাপ্পের চোখ দিয়ে দেখা তাঁর নিজের অনুশীলন! কোন মুহূর্তে কীভাবে বল নিয়ন্ত্রণ করছেন, কোন জায়গায় একটু ভুল হচ্ছে, কোন শটে সামান্য ঘাটতি থাকছে। সবকিছুই ফিরে দেখার সুযোগ।
ওকলের ফুটবল অভিযানকে আরও বড় পরিসরে নিয়ে গেছে আর্সেনালের সঙ্গে অংশীদারত্ব। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্কের শুরু ‘উই গো এগেইন’ নামের একটি প্রচারমূলক ভিডিও দিয়ে। ভিডিওতে দেখা যায়, মিডফিল্ডার ডেক্লান রাইস স্মার্ট চশমা পরে উত্তর লন্ডনের রাস্তায় দৌড়াচ্ছেন। ২২ বছর পর লিগ শিরোপা জিতে আর্সেনাল সমর্থকদের আনন্দে ফেটে পড়ার সেই ট্রফি প্যারেডের পথ ধরেই তাঁর দৌড়। একটি ভিডিওতেই যেন ফিরে এসেছে সমর্থকদের দীর্ঘ অপেক্ষা, আনন্দ আর আবেগ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হতেও সময় লাগেনি। ৫ হাজার ৬০০ লাইক পাওয়া একটি টুইটে লেখা হয়েছিল, ‘হ্যাঁ...আর্সেনালের মিডিয়া টিম সত্যি বলতে হলিউড পর্যায়ের!’
আর্সেনালের চিফ রেভিনিউ অফিসার ওমার শেখ বলেছেন, ‘সমর্থকদের কীভাবে সঙ্গে রাখতে পারি, সে বিষয়ে আরও বড় পরিসরে ভাবা হচ্ছে। ওকলে মেটার সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব সেই বড় লক্ষ্যেরই একটি অংশ।’
মেয়েদের ফুটবলেও ওকলের তারকা দূতের অভাব নেই। অ্যালিসিয়া রুশো ও তিনবারের ব্যালন ডি’অরজয়ী আলেক্সিয়া পুতেয়াস আছেন সেই তালিকায়। ফুটবলের বাইরেও প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত র্যাপার ট্র্যাভিস স্কট, এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস, ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকার রাগবি তারকা সিয়া কোলিসি।
একসময় ফুটবলে চশমা মানেই ছিল এডগার ডেভিডসের চোখের বিশেষ সুরক্ষা। এখন সেই চশমায় ক্যামেরা, এআই, পারফরম্যান্স বিশ্লেষণ। আগামী দিনে হয়তো আরও কত কী যোগ হবে! কে জানে, একদিন হয়তো ফুটবলারের চোখ দিয়েই ফুটবল দেখবে পুরো পৃথিবী!