সংবাদ সম্মেলনে জাপান কোচ হাজিমে মরিয়াসু
সংবাদ সম্মেলনে জাপান কোচ হাজিমে মরিয়াসু

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ কীভাবে দেখছে জাপান, কোচ যা বললেন

জাপান কখনো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। এবার শেষ আট দূরে, শেষ ষোলোয় ওঠার আগেই বড় পরীক্ষায় এশিয়ার দলটি। রাউন্ড অব থার্টি টুতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে জাপানকে। আজ ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে জাপান–সুইডেন ১–১ সমতায় শেষ হওয়ার এই লাইনআপ চূড়ান্ত হয়েছে।

স্বাভাবিকভাবেই ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এলে এ বিষয়ে প্রশ্ন করা হয় জাপান কোচ হাজিমে মরিয়াসুকে। তিনি বলেন, ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি হবে তাঁর দলের জন্য দারুণ এক অভিজ্ঞতা। তবে একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, পরের রাউন্ডে ওঠার সুযোগ জাপানেরও আছে।

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে জাপান ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায়। কখনো শেষ আটে খেলার অভিজ্ঞতা না থাকলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সুযোগ দেখছেন জাপান কোচ, ‘এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

টানা তৃতীয়বার নকআউটে উঠেছে জাপান

মরিয়াসু মনে করিয়ে দেন, সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। গত অক্টোবরে টোকিওতে হওয়া সেই ম্যাচে স্বাগতিকেরা জিতেছিল ৩–১ গোলে, ‘ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচটিতে আমরা জিতেছিলাম। হয়তো সেই কারণেই ওরা এবার আমাদের বিপক্ষে আরও বেশি অনুপ্রাণিত হয়ে খেলবে। আমি এই ম্যাচটির অপেক্ষায় আছি।’

একসময় জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়কে সহজ মনে করা হলেও পরিস্থিতি বদলেছে বলেও মনে করেন মরিয়াসু, ‘প্রীতি ম্যাচে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন আর সহজ নয়। এটি আমাদের বড় অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে ম্যাচে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।’