তুরস্কের বিপক্ষে ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে
তুরস্কের বিপক্ষে ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে

হাঁটুর চোটে ফ্রান্স দল থেকে ছিটকে পড়লেন এমবাপ্পে

ফ্রান্স দুঃসংবাদটি পেয়েছে কিলিয়ান এমবাপ্পের জয়সূচক গোলের পর।

সেটা তুরস্কের বিপক্ষে গতকাল রাতে উয়েফা নেশনস লিগ ম্যাচে। ৫৫ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে নিচু শটে গোল পান এমবাপ্পে। এর কয়েক মুহূর্ত পরই মাঠে বসে পড়েন। বাঁ হাঁটুতে হাত দিয়ে ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও কিছুক্ষণের মধ্যে আবার পড়ে যান এবং মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি কিংবা কড়া চ্যালেঞ্জের মুখে পড়া ছাড়া একা একাই চোট পান ফরাসি তারকা। তবে হেঁটে মাঠ ছাড়ার সময় এমবাপ্পের কারও সাহায্যের দরকার হয়নি।

এরপরই দুঃসংবাদটি পায় ফ্রান্স। এমবাপ্পেকে ফ্রান্স দল থেকে প্রত্যাহার করে নেওয়ার খবর নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন। জিনেদিন জিদানের স্কোয়াড ছেড়ে আপাতত হাঁটুর চিকিৎসা করাবেন এমবাপ্পে। চলমান আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবেন না।

হাঁটুর চোটে মাঠেই ব্যথায় কাতরান এমবাপ্পে

ফ্রান্স জাতীয় দলে কোচ হিসেবে এ ম্যাচ দিয়েই অভিষেক হলো জিনেদিন জিদানের। জয়ের পর জাতীয় দল অধিনায়কের এই চোট নিয়ে ফরাসি টেলিভিশন ‘টিএফ১’কে জিদান বলেন, ‘অবস্থা ভালো নয়। দুর্ভাগ্যবশত ঘটনাটি সুবিধাজনক কিছু নয়। তাকে ফিরতে হবে, আমরা ঝুঁকি নেব না। শট নেওয়ার সময় তার হাঁটু অতিরিক্ত প্রসারিত হয়ে গেছে। পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়।’

জিদান জানান, চোটের চিকিৎসা করাতে রিয়াল মাদ্রিদ তারকা এখন মাদ্রিদে ফিরবেন। ওদিকে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) নিশ্চিত করেছে, ‘টেন্ডনের চোটে ভোগা এমবাপ্পে জাতীয় দলের চলতি ক্যাম্পের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।’

চলতি আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে আরও তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স। বেলজিয়ামের বিরুদ্ধে দুটি ম্যাচ ছাড়াও ইতালির বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে জিদানের দল।

চোটে মাঠেই পড়ে যান এমবাপ্পে। পরে মাঠও ছেড়ে যান

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এমবাপ্পের চোট কতটা গুরুতর, তা নিশ্চিত হতে আজ তাঁর হাঁটুতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও বাঁ হাঁটুর সমস্যায় দুবার মাঠের বাইরে ছিটকে পড়তে হয় এমবাপ্পেকে। পরে জানা যায়, রিয়ালের মেডিক্যাল টিম শুরুতে তাঁর চোট পাওয়া হাঁটু পরীক্ষা করতেই ভুল করেছিল! রিয়ালের হয়ে চলতি মৌসুমে ৮ ম্যাচে ৮ গোল করেছেন এমবাপ্পে।