ম্যাচের শেষ বাঁশির পর কোচের সঙ্গে ব্রুনো ফার্নান্দেজ
ম্যাচের শেষ বাঁশির পর কোচের সঙ্গে ব্রুনো ফার্নান্দেজ

নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন

স্পোর্তিং ২ : ২ ইউনাইটেড, লিল ২ : ১ বায়ার্ন

এক ম্যাচে তিনটি পেনাল্টি, দুবার গোল বাতিল, দুই গোলরক্ষকের গুরুতর ভুল আর শেষ দিকে এক দলের ১০ জনের দলে পরিণত হওয়া—নাটকীয়তার কমতি রাখেনি স্পোর্তিং সিপি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে।

লিসবনে হওয়া চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দুই দল। তাতে ইউনাইটেড কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর প্রথম জয়ের অপেক্ষা আরও বাড়ল।

তবে ইউনাইটেডের নাটকীয় ড্রয়ের রাতে হার এড়াতে পারেনি বায়ার্ন মিউনিখ। ফ্রান্সে লিলের মাঠে খেলতে নেমে আত্মঘাতী গোলে ২-১ গোলে হেরে বসেছে জার্মান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজ জেনি কাতামোকে ফাউল করলে প্রথম পেনাল্টি পায় স্পোর্তিং। তবে ৩০ মিনিটে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের দুর্বল শট ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন লামেন্স।

এর পরের মিনিটেই ম্যাক্সি আরাহোকে ফাউল করে স্পোর্তিংকে আবারও পেনাল্টি উপহার দেন লামেন্স। ৩৩ মিনিটে দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি সুয়ারেজ; নিচু শটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ৪০ মিনিটে ইউরি তিয়েলেমানসের বাড়ানো বলে আমাদ দিয়ালো গোল করলেও বিল্ড-আপে তিয়েলেমানসের ফাউলের কারণ দেখিয়ে রেফারি সেটি বাতিল করে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ৪৭ মিনিটে এদুয়ার্দো কুয়ারেসমা বক্সের ভেতর মার্তিনেজকে ফেলে দিলে পেনাল্টি পায় সফরকারীরা। ৪৮ মিনিটে স্পট কিক থেকে সাবেক ক্লাবের বিপক্ষে সমতা ফেরান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দুই মিনিট পরই (৫০ মিনিটে) অদ্ভুত এক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।

আমাদের পাস থেকে ফার্নান্দেজের নেওয়া সাধারণ মানের দূরপাল্লার শট মাঠের একটি উঁচু-নিচু অংশে লেগে দিক পরিবর্তন করলে বিভ্রান্ত হয়ে বল জালে জড়াতে দেখেন স্পোর্তিং গোলরক্ষক কাইকে।

তবে গোলরক্ষকদের ভুলের নাটক তখনো বাকি ছিল। ৮০ মিনিটে ইভান ফ্রেসনেদার ক্রস ঠিকমতো ধরতে না পেরে বল ফসকে ফেলেন লামেন্স। সেই সুযোগে বল জালে পাঠিয়ে স্পোর্তিংকে ২-২ সমতায় ফেরান সুয়ারেজ।

দুই মিনিট পর ফার্নান্দেজের কর্নার কাইকের হাত ফসকে নিজেদের জালেই ঢুকে গেলে উল্লাসে মাতে ইউনাইটেড। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে ৮৪ মিনিটে গোলটি বাতিল হয়। রেফারি জানান, গোলরক্ষক কাইকেকে ফাউল করেছিলেন প্যাট্রিক দর্গু।

শেষ দিকে ইউনাইটেডের অস্বস্তি আরও বাড়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলতিমিরাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিয়েলেমানস। বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে ইউনাইটেডকে।

লিলের প্রত্যাবর্তন

ঘরের মাঠ স্তাদ পিয়ের-মরোয়ায় প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল লিল। ১৫ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন দায়ত উপামেকানো।

তবে বিরতির পর বদলে যায় লিলের খেলা। ৬০ মিনিটে দলকে সমতায় ফেরান আয়াসে উয়েদা। এর পাঁচ মিনিট পরই দ্রুতগতির এক প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় স্বাগতিকেরা। ইথান এমবাপ্পের শট পোস্টে লেগে ফিরে এলে পাভলোভিচের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ বাঁশির সময়ও ছিল একই স্কোরলাইন। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি বায়ার্নের প্রথম হার।

পিএসজিরও হোঁচট

গত দুই আসরের চ্যাম্পিয়ন পিএসজিও জিততে পারেনি। নিজেদের মাঠে রোমার সঙ্গে ২-২ ড্র করেছে লুইস এনরিকের দল।

ম্যাচের পঞ্চম মিনিটে রোমা মারিও হার্মোসোর গোলে এগিয়ে গেলেও ৩১ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান জাবারনি।

বিরতির পর ৬২ মিনিটে আশরাফ হাকিমি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন উসমান দেম্বেলে।

তবে পিএসজির এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটের মধ্যেই সুলে’র শট ভিতিনিয়ার হাতে লাগলে পেনাল্টি পায় রোমা। আরেক বদলি খেলোয়াড় মালেন স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান।

সব ম্যাচের ফল

সাবাহ ১ : ৪ বার্সেলোনা

প্রাহা ০ : ১ ভিয়ারিয়াল

ব্রুগা ০ : ৩ লিভারপুল

আতলেতিকো ২ : ০ ভাইকিং

ইন্টার ২ : ০ স্টুটগার্ট

শাখতার ০ : ১ ফেনেরবাচে

স্পোর্তিং ২ : ২ ইউনাইটেড

লিল ২ : ১ বায়ার্ন

পিএসজি ২ : ২ রোমা