অ্যানফিল্ডে শনিবার ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।
অ্যানফিল্ডে শনিবার ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

ওয়েস্ট হামকে গোলে ভাসিয়ে পাঁচ নম্বরে লিভারপুল

ম্যাচ শুরুর বাঁশি বাজার পর ঘড়ির কাঁটা তখনো পাঁচ মিনিট ছোঁয়নি। অ্যানফিল্ডের গ্যালারিতে যখন ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানের রেশ কাটেনি, ঠিক তখনই শুরু হলো গোল-উৎসব। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে দু-দুবার ব্যর্থ হলো ওয়েস্ট হামের রক্ষণ। সুযোগসন্ধানী উগো একিতিকে বল জালে জড়াতে ভুল করেননি। সেই যে শুরু, এরপর পুরো ৯০ মিনিট যেন ওয়েস্ট হামের ওপর দিয়ে এক লাল-ঝড় বয়ে গেল।

লিভারপুলের ৫-২ গোলের জয়ে আজ বড় ভূমিকা রেখেছে তাদের নিখুঁত ‘সেট-পিস’। ২৪ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন দীর্ঘদেহী ভার্জিল ফন ডাইক। ৪৩ মিনিটে তৃতীয় গোল, এবার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।  টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার।  লিভারপুলের প্রথম তিনটি গোলই এসেছে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে।

বিরতির পর টমাস সুচেক যখন একটি গোল শোধ করলেন, গ্যালারিতে কিছুটা চাপা উত্তেজনা। কিন্তু কোডি গাকপো তখন নিজেকে প্রমাণের নেশায় বুঁদ। অবিশ্বাস্য এক মিস করে কিছুক্ষণ আগেই সমর্থকদের কপালে ভাঁজ ফেলেছিলেন এই ডাচ ফরোয়ার্ড। তবে মিনিটখানেক পরই সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন দুর্দান্ত এক গোলে। ওয়েস্ট  হাম আরও একটি গোল শোধ দিলেও ব্যবধান বেশি কমাতে পারেনি। বরং শেষ দিকে আক্সেল দিসাসির আত্মঘাতী গোল তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়।

এই বিশাল জয়ের পর প্রিমিয়ার লিগ টেবিলের সেরা পাঁচে ফিরে এল লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের টিকিট এখন তাদের নাগালে। অন্যদিকে, রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্ট হামের এই ম্যাচ শেষেও ১৮ নম্বরে, ২৮ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২৫।