
এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানের কাছে আজ শেষ গ্রুপ ম্যাচে ৪-০ গোলে হারার আগে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে, চীনের কাছে ২-০ গোলে। সব মিলিয়ে তিন ম্যাচে হজম করতে হয়েছে ১১ গোল। উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের শেষ আটে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। উল্টো গোলের মালা পরতে হয়েছে।
পার্থে আজ বড় হারের পর বাংলাদেশ কোচ পিটার বাটলার এই পর্যায়ে খেলতে স্বপ্ন আর বাস্তবতার মাঝখানের ব্যবধান তুলে ধরেন। মাঠের লড়াই শেষ হওয়ার পর কোচ পিটার বাটলারের চোখেমুখে ছাপ পড়েছিল মিশ্র অনুভূতি। যদিও কোচ মনে করেন, ‘আমার মনে হয় মাঝেমধ্যে স্কোরলাইন আসলে খেলাটি ঠিক কেমন ছিল, তার সঠিক প্রতিফলন দেয় না। আমার মতে আমরা দীর্ঘ সময় ধরে আরও ভালো ফুটবল খেলেছি।’
উজবেকিস্তানের সঙ্গে শক্তির পার্থক্য বোঝাতে গিয়ে বাটলার একটি উপমা টেনে বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলছি, যারা ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৬০-৭০ ধাপ (৬৩) এগিয়ে এবং শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী। তাদের টিভি ক্যামেরা আছে, ভিডিও সরঞ্জাম আছে। আমাদের সেই বিলাসিতা নেই। মাঝে মাঝে আপনার মনে হতে পারে, একজন বক্সার এক হাত পেছনে বেঁধে লড়াই করতে নেমেছে।’
বাটলার আক্ষেপ করে বলেন, ‘বাংলাদেশে আমাদের নির্দিষ্ট কোনো অনুশীলনের মাঠও নেই।’ ম্যাচ–পরবর্তী বিশ্লেষণে বাটলারের কথা, বাংলাদেশের দলটি খুবই তরুণ, যাদের গড় বয়স মাত্র সাড়ে ১৯ বছর। এক ফাঁকে বাটলার ধ্রুব সত্যও মনে করিয়ে দেন, ‘গোল ম্যাচ বদলে দেয়। আমরা প্রচুর বল দখলে রেখে আধিপত্য বিস্তার করেছি, কিন্তু কোনো ‘এন্ড প্রোডাক্ট’ (গোল) ছিল না। আপনার যদি ‘এন্ড প্রোডাক্ট’ না থাকে, তবে সব ভালো কাজই বৃথা যায়।’
টুর্নামেন্টের দলের পারফরম্যান্স নিয়ে বাটলারের শেষ কথা, ‘ফলাফলে আমি হতাশ, কিন্তু মেয়েদের জন্য আমার প্রশংসা ছাড়া আর কিছু নেই। তারা অনেক দূর এগিয়ে এসেছে... তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের নিয়ে অত্যন্ত গর্বিত।’
বাটলার মনে করেন, ভবিষ্যতে উন্নতি করতে হলে এই মেয়েদের আরও বেশি প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে হবে এবং নিয়মিত উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের প্রয়োজন। যদিও ফল বাংলাদেশের পক্ষে আসেনি, তবে বাটলারের কাছে এই টুর্নামেন্টটি ছিল একটি বড় শিক্ষার জায়গা। তাঁর কথা, ‘কোনো অজুহাত নয়। আমাদের আরও অনেক কিছু শেখার আছে। আমাদের আরও প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে হবে, আরও ক্যাম্প করতে হবে এবং আমাদের চেয়ে উঁচু র্যাঙ্কিংয়ের দলগুলোর সাথে খেলতে হবে।’