ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের শিরোপা–লড়াই শেষ মুহূর্তে এসে কিছুটা রূপ বদলেছে। প্রিমিয়ার লিগে কিছুদিন আগপর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও এখন তা একপেশে হতে শুরু করেছে। ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে আর্সেনাল। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত গড়ানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সিরি ‘আ’তে ইন্টার মিলান ও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ক্রমেই শিরোপার জয়ের দিকে এগোচ্ছে। ফরাসি লিগ ‘আঁ’তে পিএসজি–লাঁসের দ্বৈরথ রোমাঞ্চকর হয়ে উঠছে।
লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ জমিয়ে তুলেছে শিরোপা লড়াই। ১০ ম্যাচ হাতে থাকতে দুই দলের পয়েন্টে ব্যবধান এখন ৪। একটি ম্যাচে পা ফসকালেই বদলে যেতে পারে এই পার্থক্য। তবে আপাতত দুই দলই চেষ্টা করছে নিজেদের কাজটা ঠিকঠাক করার।
রিয়াল শনিবার রাতে এলচের বিপক্ষে জিতেছে ৪–১ গোলে। এই জয়ের পর বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১–এ নামিয়ে এনেছিল তারা। কিন্তু গতকাল রাতে সেভিয়াকে ৫–২ গোলে হারিয়ে সেই ব্যবধান আবারও চারে নিয়ে গেছে বার্সা। ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট ৭০, আর রিয়ালের ৬৬।
প্রিমিয়ার লিগে ২২ বছর পর আর্সেনালের শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা আরও বেড়েছে। এই পথে তাদের বেশ ‘সাহায্য’ করছে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। সর্বশেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। পরশু রাতে ওয়েস্ট হামের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে সিটি।
এই ড্রয়ের পর ৩০ ম্যাচে সিটির পয়েন্ট ৬১। একই রাতে আর্সেনাল ২–০ গোলে হারিয়েছে এভারটনকে। ৩১ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০। এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্টে এগিয়ে থাকা আর্সেনাল এখন চাইলে শিরোপার স্বপ্ন দেখতেই পারে।
পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়েও সিরি ‘আ’র শিরোপা–লড়াইয়ে এগিয়ে আছে ইন্টার মিলান। আগের ম্যাচে এসি মিলানের কাছে ১–০ গোলে হারা দলটি শনিবার রাতে ১–১ ব্যবধানে ড্র করেছে আতালান্তার সঙ্গে। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। ইন্টারের পয়েন্ট হারানোর সুযোগ নিয়ে ব্যবধান কমাতে পারত এসি মিলান। কিন্তু গতকাল রাতে লাৎসিওর কাছে ১–০ গোলে হেরে উল্টো ইন্টারকেই এগিয়ে দিল তারা। মিলানের পয়েন্ট ২৯ ম্যাচে ৬০।
বুন্দেসলিগায় পয়েন্ট হারিয়েও শিরোপা জয়ের পথে বেশ এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। ৮ ম্যাচ হাতে থাকতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে তারা। সর্বশেষ ম্যাচে লেভারকুসেনের সঙ্গে বায়ার্ন ড্র করেছে ১–১ গোলে। অন্য দিকে অসবার্গের বিপক্ষে ডর্টমুন্ডের জয় ২–০ গোলে। তবে এরপরও বায়ার্নকে ছুতে লম্বা পথ পাড়ি দিতে হবে ডর্টমুন্ডকে। ২৬ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৭, সমান ম্যাচে ডর্টমুন্ডের ৫৮।
ফরাসি লিগে সর্বশেষ সপ্তাহে কোনো ম্যাচ খেলেনি পিএসজি। ফলে তাদের পয়েন্ট আগের মতো ২৫ ম্যাচে ৫৭–তে স্থির আছে। তবে এই ফাঁকে ব্যবধানে কমিয়ে ১–এ নামিয়ে এনেছে লাঁস। নিজেদের ম্যাচে গত শনিবার লঁরিয়ার বিপক্ষে ২–১ গোলে জিতেছে তারা। এই জয়ের পর লাঁসের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৬, আর এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।