বার্সেলোনা এখন শিরোপার আরও কাছে
বার্সেলোনা এখন শিরোপার আরও কাছে

ইউরোপিয়ান ফুটবল

শিরোপার আরও কাছে বার্সা-বায়ার্ন, আর্সেনাল–সিটির রোমাঞ্চ

শেষ দিকে এসে ইউরোপের শীর্ষ ৫ লিগের প্রতিটি ম্যাচে এখন অন্য রকম এক রোমাঞ্চ। লা লিগায় সর্বশেষ রাউন্ডের পর শিরোপার লাগাম এখন পুরোপুরি বার্সেলোনার হাতে। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও তীরে এসে তরি ডোবার আশঙ্কা ভর করেছে আর্সেনাল সমর্থকদের মনে।

সর্বশেষ ম্যাচে সিটির জয়ের বিপরীতে হেরে গেছে আর্সেনাল। সিরি ‘আ’তে বড় কোনো নাটকীয়তা না হলে ইন্টার মিলানের শিরোপা একরকম নিশ্চিত। বুন্দেসলিগায়ও শিরোপার লাগাম এখন বায়ার্ন মিউনিখের হাতে। আর ফরাসি লিগ ‘আঁ’তে শিরোপা–দৌড়ে এগিয়ে আছে পিএসজিই।

লা লিগা

লা লিগায় ৭ ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনা এখন দুইয়ে থাকার রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে। অলৌকিক কিছুই এখন শুধু বার্সার কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে রিয়ালের হাতে তুলে দিতে পারে।

সর্বশেষ পরশু রাতে এস্পানিওলের বিপক্ষে ৪–১ গোলে জিতেছে বার্সা। আর রিয়াল মাদ্রিদ ১–১ গোলে ড্র করে জিরোনার সঙ্গে। ৩১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৭৯, আর সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭০। এই ব্যবধান বলছে, সব হিসাব–নিকাশ এখন বার্সার শিরোপা জেতার পক্ষেই।

ইংলিশ প্রিমিয়ার লিগ

আবারও সেই শেষে এসে শিরোপা হারানোর আশঙ্কা ভর করেছে আর্সেনাল সমর্থকদের মনে। বিশেষ করে পরশু বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের ২–১ গোলে হারের পর এই আশঙ্কা আরও তীব্র হয়েছে। আর্সেনালের এই হারের যন্ত্রণা আরও বেড়েছে চেলসির বিপক্ষে গতকাল রাতে ম্যানচেস্টার সিটির জয়ের পর। চেলসির মাঠে পাওয়া ৩–০ গোলের জয়ে এখন দারুণভাবে লড়াইয়ে ফিরেছে ম্যান সিটি। শীর্ষে থাকা আর্সেনালের ৩২ ম্যাচে পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬৪।

সিরি ‘আ’

সিরি ‘আ’তে ইন্টার মিলান এখন শিরোপা–স্বপ্ন নিয়ে দিন দিন গুনছে। ৩২ ম্যাচ শেষে ৬ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা ইন্টার এগিয়ে আছে ৯ পয়েন্টে। কোমোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে তাদের জয় ৪–০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে দলটির পয়েন্ট ৩২ ম্যাচে ৭৫। তবে বড় ধাক্কা খেয়েছে এসি মিলান। উদিনেসের কাছে ৩–০ গোলে হেরেছে দলটি। আর দুইয়ে আছে নাপোলি, যারা পার্মার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। নাপোলির পয়েন্ট ৩২ ম্যাচে ৬৬।

বুন্দেসলিগা  

বুন্দেসলিগায় বাকি আছে মাত্র ৫ ম্যাচ। তবে বায়ার্ন চাইলে এখনই শিরোপা–উৎসব শুরু করে দিতে পারে। এই ৫ ম্যাচ হাতে রেখে বায়ার্ন এখন এগিয়ে ১২ পয়েন্টে। অর্থাৎ দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের ঘুরে দাঁড়ানো কেবল কাগজে–কলমেই সম্ভব। নিজেদের সর্বশেষ ম্যাচে সেন্ট পাউলির বিপক্ষে বায়ার্ন জিতেছে ৫–০ গোলে। এই জয়ের পর বায়ার্নের পয়েন্ট ২৯ ম্যাচে ৭৬। আর লেভারকুসেনের কাছে ১–০ গোলে হারা ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৬৪। তবে সামনের দিনে মুছে যেতে পারে এই ব্যবধান।

লিগ ‘আঁ’

ফরাসি লিগ ‘আঁ’তে শীর্ষ দুই দল পিএসজি ও লাঁস সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলেনি। ফলে দুই দলই আগের অবস্থানেই আছে। ২৭ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৩, আর এক ম্যাচ বেশি খেলে লাঁসের পয়েন্ট ৫৯। সাম্প্রতিক ছন্দ বলছে, এই লিগে শিরোপা জেতায় পিএসজিই ফেবারিট।