ডিয়েগো ফোরলান
ডিয়েগো ফোরলান

ফোরলান এখন উরুগুয়ের কোচ

মার্সেলো বিয়েলসার উত্তরসূরি হিসেবে দিয়েগো ফোরলানকে বেছে নিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। সংস্থাটির সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, অনূর্ধ্ব-২০ এবং জাতীয় দল—দুই দলেরই দায়িত্ব নিয়েছেন ফোরলান।


২০১০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জয়ী ৪৭ বছর বয়সী ফোরলানের সঙ্গে সপ্তাহের পর সপ্তাহ আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেলেও চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে এইউএফ । সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চের প্রীতি ম্যাচগুলোতে দলের দায়িত্বে থাকবেন তিনি।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে সর্বশেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের।

ডিয়েগো ফোরলান

মাঠে কিছু ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ও অবসর ভেঙে ফার্নান্দো মুসলেরাকে দলে ফেরানোর সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ৭১ বছর বয়সী বিয়েলসা।
কোচ হিসেবে অভিজ্ঞতা সীমিত ফোরলানের।

২০২০ মৌসুমে সাবেক ক্লাব পেনারলের দায়িত্ব দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করলেও মাত্র ১১ ম্যাচ পরই বাজে ফলাফলের কারণে সেই পদ ছাড়তে হয় তাঁকে। ২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের দায়িত্বে ছিলেন ১২ ম্যাচ।


তবে খেলোয়াড় হিসেবে ফোরলান উরুগুয়ের সর্বকালের সেরাদের একজন। ১১২ ম্যাচে ৩৬ আন্তর্জাতিক গোল করা এই ফরোয়ার্ড ২০১০ বিশ্বকাপে করেছিলেন ৫ গোল, জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও।

লুইস সুয়ারেজের সঙ্গী হয়ে ২০১১ কোপা আমেরিকা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্পেনে ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদে খেলার সময় দুবারই জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০২-০৩ মৌসুমে জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা।