গ্যারি নেভিল নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না।
আর্জেন্টিনার দুই সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার। জবাবে রোমেরো তাঁকে ‘মূর্খ’ বলে আখ্যা দেন। তবে সেই প্রতিক্রিয়াতেও নেভিলের অবস্থান বদলায়নি; বরং তিনি আগের মন্তব্যই আরও জোরালোভাবে বলেছেন।
রোমেরোর কথার জবাবে নেভিল বলেছেন, ‘আমি আগে যা বলেছিলাম, তার সঙ্গে শুধু এটুকুই যোগ করতে চাই—তারা খুব সহজেই গোল উপহার দেয়। নকআউট পর্বের চার ম্যাচে তারা ইতিমধ্যে ৬টি গোল হজম করেছে।’
নেভিলের মতে, রোমেরো ও মার্তিনেজের প্রতিদিনই লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, রক্ষণভাগের ভুলে দল বিপদে পড়লেও শেষ পর্যন্ত মেসিই দলকে উদ্ধার করেছেন।
তিনি বলেন, ‘এই দুজনের প্রতিদিন মেসিকে জড়িয়ে ধরা উচিত। কারণ, যখনই তারা বিপদে পড়েছে, মেসিই তাদের টেনে তুলেছে। অবশ্য আমি এটাও বলেছি, তারা অসাধারণ প্রতিভাবান এবং দেশের হয়ে তাদের জয়ের ক্ষুধা দেখার মতো। কিন্তু তারা কখনো অবিশ্বাস্য, আবার কখনো হাস্যকরও হয়ে ওঠে। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে প্রায় সব আক্রমণাত্মক হেড জিতে নেয়, আবার কখনো নিজেদের বক্সেও একইভাবে ভুল করে বসে।’
টটেনহাম ডিফেন্ডার রোমেরোকে খোঁচা দিয়ে নেভিল স্মরণ করিয়ে দেন, গত মৌসুমে তিনি এমন একটি দলে খেলেছেন, যারা প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় ছিল এবং ৬৫টি গোল হজম করেছিল। নেভিলের ভাষায়, ‘আমি যখন কোনো খেলোয়াড়কে মূল্যায়ন করি, তখন আমি জানি আমি কী বলছি।’
তবে আবারও সমালোচনার পাশাপাশি দুই ডিফেন্ডারের সামর্থ্যেরও প্রশংসা করেন নেভিল, ‘রোমেরো অত্যন্ত প্রতিভাবান, লিসান্দ্রো মার্তিনেজও তা–ই। কিন্তু তারা অনেক ভুল করে এবং গোল হজম করে। তাদের খেলায় আমি একধরনের বৈপরীত্য দেখি। রোমেরো এখনো তুলনামূলক তরুণ; অভিজ্ঞ ডিফেন্ডার হিসেবে তার আরও বিকাশের সুযোগ আছে। যদিও তার অর্জন অবিশ্বাস্য—সে বিশ্বকাপ জিতেছে।’
সবশেষে নেভিল আর্জেন্টিনার সাফল্যের মূল কৃতিত্ব দেন লিওনেল মেসিকেই। তাঁর মতে, রক্ষণভাগ নয়, আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের সবচেয়ে বড় কারণ মেসি, ‘লিওনেল মেসি ছাড়া ইংল্যান্ড ম্যাচ কিংবা গত দুটি টুর্নামেন্ট জেতা সম্ভব হতো না। আর্জেন্টিনা তাদের সেন্টারব্যাকদের জন্য জেতেনি, জিতেছে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের কারণে।’