আর্জেন্টিনা দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস
আর্জেন্টিনা দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস

মেসি নেই, ১০ ম্যাচের নিষেধাজ্ঞাও—জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন পারেদেস

বিশ্বকাপ ফাইনালে স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতির ঘটনায় ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর মধ্যে অধিনায়ক লিওনেল মেসিও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতে শুরু করেছেন লিয়ান্দ্রো পারেদেস।

মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণার এক দিন পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। এর একটা কারণ আমার ওপর আসা নিষেধাজ্ঞা, আর একটা মেসির সিদ্ধান্ত। আগের মতো সবকিছু চালিয়ে নেওয়া এখন কঠিন হবে। (অবসরের) সিদ্ধান্তটা নিঃসন্দেহে বেশ কঠিন হতে যাচ্ছে।’

৩২ বছর বয়সী পারেদেসের জাতীয় দলের ক্যারিয়ার দেড় দশকের। ২০১৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৮৪ ম্যাচ। আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতা দলেরও সদস্য তিনি। তাই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলতে চান এই মিডফিল্ডার, ‘কোচের সঙ্গে আমার এখনো কথা হয়নি, তবে (খেলা চালিয়ে যাওয়া) কঠিন হবে। আমি স্কালোনির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।’

ফাইনালের পরের সেই ঘটনার জন্য পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। শাস্তিটিকে বেশি মনে করছেন তিনি। আপিল করে তা কমানোর চেষ্টা করবেন, ‘এখন শুধু আপিল করাই বাকি আছে। দেখি শাস্তি কিছুটা কমানো যায় কি না, ব্যস এটুকুই।’

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার সব বড় শিরোপাই জিতেছেন লিয়ান্দ্রো পারেদেস

মেসির অবসরের ঘোষণাটা এসেছে বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসের বেশি সময় পর। কিংবদন্তি এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার আভাস আগেই নাকি দিয়ে রেখেছিলেন সতীর্থদের। তবু এই ধাক্কা সামলানো কঠিন বলে মনে করেন পারেদেস।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসির জন্য একটি বিদায়ী ম্যাচের আয়োজন করার পরিকল্পনা করছে। পারদেসও তা খেলতে মুখিয়ে আছেন, ‘আমরা তো সব সময়ই তার সঙ্গে খেলতে চাই। আমি তাদের একজন যে তাকে সব সময় পাশে পেতে চায়। কয়েকটা দিন যাক, তারপর তার সঙ্গে কথা বলব। কারণ, ২০ বছর পর জাতীয় দল ছেড়ে যাওয়ার অনুভূতি কেমন হতে পারে, তা আমি উপলব্ধি করতে পারছি...।’

তবে মেসিকে ছাড়া যে পথচলাটা সহজ হবে না, তা–ও মনে করিয়ে দিয়েছেন পারেদেস, ‘আমাদের নেতা লিওকে ছাড়া পথচলা বেশ জটিল হতে যাচ্ছে। আমরা সাফল্যের মানদণ্ড অনেক উঁচুতে বেঁধে দিয়েছি এবং একইভাবে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেওয়া সহজ হবে না। তবে এই পুরো প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমরা একটি অসাধারণ খেলোয়াড় ও চমৎকার মানুষদের নিয়ে গড়া দল তৈরি করতে পেরেছি।’