ফ্রান্স অধিনায়ক উগো লরিস
ফ্রান্স অধিনায়ক উগো লরিস

কাতার থেকে উৎপল শুভ্র

আজ লরিসের রেকর্ড ছোঁয়ার দিন

গোলকিপাররা নাকি একটু খ্যাপাটে হন। উগো লরিসকে তাহলে ব্যতিক্রমই বলতে হয়। চেহারা-ছবিতে যেমন ভদ্র-সৌম্য, কথাবার্তাতেও তা-ই। কথাও বলেন মৃদু স্বরে। উত্তেজনার লেশমাত্রও যাতে থাকে না।

তাতে গোলকিপার হিসেবে বিশ্বসেরাদের একজন হতে কোনো সমস্যা হয়নি। ফ্রান্সের গোলপোস্টের নিচে বলতে গেলে অনাদিকাল থেকে আছেন। থাকতে থাকতে একটা রেকর্ডও করে ফেলছেন আজ। পোল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি হবে ফ্রান্সের হয়ে তাঁর ১৪২তম।

এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে রেকর্ডটাকে শুধুই নিজের করে নিতে পারবেন। আজ শুধু রেকর্ড ছোঁয়ার দিন।

১৯৯৮-এর বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের ডিফেন্ডার লিলিয়ান থুরামও খেলেছেন ১৪২টি ম্যাচ। ২০০৮ সালে থুরাম অবসর নেওয়ার কয়েক মাস পরই ফ্রান্সের জার্সিতে অভিষেক লরিসের। এরপর ক্রমে পরিণত হয়েছেন ফ্রান্স দলের প্রতীকে। প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন। সময়ের হিসাবে ফ্রান্সের ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন ১২ হাজার ৮৬৬ মিনিট।

এমন একটা কীর্তি, অথচ তা নিয়ে কথা বলার সময়ও লরিসের কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই। ‘হ্যাঁ, এটা বেশ বড় ব্যাপার। আমি এই সংখ্যাগুলো নিয়ে গর্বিত’, নিরাসক্ত ভঙ্গিতে এটা বলার পরই যোগ করে দিলেন, ‌‘কালকের (আজ) ম্যাচটাই সবচেয়ে বড়। এসব নয়।‌’
সংবাদ সম্মেলনটা ছিল এই ম্যাচ নিয়েই।

ব্যক্তিগত অর্জনকে এমনিতেই আড়াল করে রাখতে চান। আর এখানে তা আরও বেশি রাখতে হয় তিনি অধিনায়ক বলে। তা অধিনায়কও আজ কম দিন নন। ১১৮ ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন। এটিও ফ্রান্সের রেকর্ড।

যাঁর রেকর্ড ভেঙেছেন, তিনি লরিসের পাশেই ছিলেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, যিনি আর্মব্যান্ড পরেছেন ৫৪টি ম্যাচে। যে রেকর্ড লরিস ভেঙে দিয়েছেন সেই কবেই। যথারীতি লরিসের প্রশংসায় পঞ্চমুখ দেশম। অভিনন্দন জানিয়ে বললেন, ‘সব রেকর্ডেরই গুরুত্ব আছে। কোনোটার বেশি, কোনোটার কম। তবে উগোর এই রেকর্ড অনেক কিছু বলে। বছরের পর বছর সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে যাওয়ার কথা বলে। এটা সহজ নয়।‌’

সহজ তো নয়ই। লরিসও রেকর্ডটির মহিমা ভালোই বোঝেন। তবে বলে দিলেন, এখন তা উদ্‌যাপনের সময় নয়। আগে বিশ্বকাপ শেষ হোক। তারপর উদ্‌যাপন।

সেই উদ্‌যাপন যে বিশ্বকাপটা হাতে নিয়েই করতে চান, তা তো না বললেও চলে। তখন অবশ্য উদ্‌যাপনের আরও উপলক্ষ যোগ হবে। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দুটি দল টানা দুটি বিশ্বকাপ জিততে পেরেছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালির পর ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। ফ্রান্স যদি এবার এই কীর্তির পুনরাবৃত্তি করতে পারে, তাহলে না উগো লরিসের উদ্‌যাপনটা পরিপূর্ণ হবে।