বিশ্বকাপে প্রথমবার, চার দেশের এক গল্প

কিছু দেশের জন্য বিশ্বকাপে খেলাটা একেবারেই স্বাভাবিক ঘটনা, কিছু দেশের জন্য প্রজন্মের পর প্রজন্ম তাড়া করে বেড়ানো এক সুতীব্র আকাঙ্ক্ষা। আজ শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে সেই আকাঙ্ক্ষার অবসান হতে যাচ্ছে চারটি দেশের—কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান। ৪৮ দলের নতুন ফরম্যাটে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তাদের।

কুরাসাও: ক্যারিবিয়ানের নীল ঢেউ

ক্যারিবিয়ান সাগরের বুকে ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে এক টুকরা ডাচ ক্যারিবিয়ান দ্বীপ কুরাসাও। আয়তন মাত্র ৪৪৩
বর্গকিলোমিটার, জনসংখ্যা দেড় লাখের সামান্য বেশি। এই ক্ষুদ্র দ্বীপটি বিশ্বকাপ মঞ্চে পা রেখে ইতিহাসের সবচেয়ে ছোট জনসংখ্যার দেশের রেকর্ড গড়ে ফেলেছে। আগের রেকর্ডটি ছিল আইসল্যান্ডের, ২০১৮ বিশ্বকাপে যাওয়ার সময় তাদের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লাখ। 

কুরাসাওয় জাতীয় দলের ডাকনাম ‘ব্লু ওয়েভ’। সেই নীল ঢেউ বিশ্বকাপে আছড়ে পড়ার সুযোগ পেল চতুর্থ প্রচেষ্টায়। কনক্যাকাফ অঞ্চলের বাছাইয়ে ছয় ম্যাচের একটিতেও না হেরে তিন জয় ও তিন ড্রয়ে হয়েছিল গ্রুপ সেরা।

কুরাসাওয় জাতীয় দলের ডাকনাম ‘ব্লু ওয়েভ’

কুরাসাওয়ের বিশ্বকাপ দলে থাকা সব খেলোয়াড়ই বিদেশের লিগে খেলেন, যার অর্ধেকই নেদারল্যান্ডসের লিগে। দলের কোচও ৭৮ বছর বয়সী ডাচ ডিক অ্যাডভোকাট, যিনি এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ। ১৯৯৪ সালে নেদারল্যান্ডস আর ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচ ছিলেন তিনি। 

গ্রুপ ‘ই’তে, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, ইকুয়েডর ও আইভরিকোস্টের বিপক্ষে খেলবে কুরাসাও। দেড় লাখ মানুষের দেশটি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে জার্মানির বিপক্ষে।

কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান। ৪৮ দলের নতুন ফরম্যাটে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে এই চার দলের।

জর্ডান: একাদশ চেষ্টায় ‘নাশামা’র বিজয়

জর্ডানের জাতীয় দলের ডাকনাম ‘নাশামা’, অর্থ সাহসী বা বীরপুরুষ। ১৯৮৬ সাল থেকে বিশ্বকাপ বাছাইয়ে খেলছে তারা। প্রথম দশ চেষ্টাতেই ব্যর্থ। কখনো গ্রুপ পর্বে বিদায়, কখনো প্লে-অফে হৃদয় ভেঙে যাওয়া হার।

জর্ডান ফুটবল দল

২০১৩ সালে উরুগুয়ের বিপক্ষে প্লে-অফে হেরে বিশ্বকাপের দরজা থেকে ফিরে আসার ঘটনা জর্ডানের ফুটবলপ্রেমীরা এখনো ভোলেননি। এক দশক পর ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপে রানার্সআপ হয়ে জর্ডান প্রমাণ করে, এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে লড়াই করতে পারে তারা। ২০২৫ সালের ৫ জুন আসে কাঙ্ক্ষিত সেই সময়, ইরাককে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে জর্ডান।

বিশ্বকাপে জর্ডান খেলবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।

কেপ ভার্দে: আটলান্টিকের নীল হাঙরদের উত্থান

আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ১০টি দ্বীপ নিয়ে কেপ ভার্দে। ছয় লাখ মানুষের ছোট্ট এই দেশের ফুটবলে উত্থানের গল্পটা মাত্র দুই যুগের।

১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা পাওয়া কেপ ভার্দে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম খেলে ২০০২ সালে। আর মহাদেশীয় টুর্নামেন্ট আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) প্রথম অংশ নেয় ২০১৩ সালে। এরপর দুবার আফকন কোয়ার্টার ফাইনালে পৌঁছানো দলটি ফিফা র্যাঙ্কিংয়ে ৭০ নম্বরে জায়গা করে ফেলে। 

আফ্রিকান বাছাইয়ে কেপ ভার্দে যা করেছে, তা রীতিমতো অবিশ্বাস্য। সাত জয়, দুই ড্র ও মাত্র একটি হারে গ্রুপ সেরা, যে গ্রুপে ছিল আটবার বিশ্বকাপ খেলা ক্যামেরুনের মতো দল। 

২০২৫ সালের ১৩ অক্টোবর ইসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে কেপ ভার্দে। পুরো দ্বীপপুঞ্জে তখন এমন উৎসব ছড়িয়ে পড়েছিল যে সরকার এক দিনের ছুটিও ঘোষণা করেছিল। 

কেপ ভার্দের বাইরে বসবাসকারী কেপ ভার্দীয়দের সংখ্যা দেশটির দ্বীপগুলোতে বসবাসকারীদের চেয়েও বেশি। এই প্রবাসী সম্প্রদায়ই জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের অন্যতম প্রধান উৎস। বর্তমানে কেপ ভার্দে জাতীয় দলের বেশির ভাগ ফুটবলার দেশের বাইরে খেলেন, মূলত সেটা ইউরোপে। 

উজবেকিস্তান: সাদা নেকড়েদের ঐতিহাসিক অভিযাত্রা

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীন হওয়া উজবেকিস্তান প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯৯২ সালে। সেই থেকে বিশ্বকাপের স্বপ্ন দেখতে শুরু করলেও সাত দফা ব্যর্থ হয়েছে। অবশেষে দরজা খুলেছে এবার। 

উজবেকিস্তান বিশ্বকাপে জায়গা করে নেওয়া মধ্য এশিয়ার প্রথম দেশ, আর সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পর তৃতীয়।

প্রথমবার বিশ্বকাপে উজবেকিস্তানকে দেখবেন সমর্থকেরা

২০২৫ সালের জুনে এএফসি তৃতীয় রাউন্ডের বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। 

‘হোয়াইট উলভস’ বা সাদা নেকড়ে নামে পরিচিত এই দলের কোচের দায়িত্বে আছেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালির অধিনায়ক ফাবিও ক্যানাভারো। দলের অধিনায়ক এলদর শোমুরোদভ। সিরি আ’র ক্লাব জেনোয়া ও রোমায় খেলে যিনি এখন খেলেন তুরস্কের ইস্তাম্বুল
বেসিকশায়ারে। দলে আছেন ম্যানচেস্টার সিটিতে খেলা সেন্ট্রাল ডিফেন্ডার আবদুকোদির খুসানভের মতো খেলোয়াড়ও।

বিশ্বকাপে উজবেকিস্তান খেলবে গ্রুপ ‘কে’তে পর্তুগাল, কলম্বিয়া ও ডিআর কঙ্গোর বিপক্ষে। 


লেখক: জ্যেষ্ঠ সহসম্পাদক, প্রথম আলো