ব্রাজিলের বিপক্ষে জয়ের পর জাপানের খেলোয়াড়দের উদ্‌যাপন
ব্রাজিলের বিপক্ষে জয়ের পর জাপানের খেলোয়াড়দের উদ্‌যাপন

জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের

জাপান ৩-২ ব্রাজিল

চার মাস পর দেখা। বন্ধু, কী খবর বলে ব্রাজিলের ‘উপহার’ ফেরত দিল জাপান। ব্রাজিল উপহারের সেই প্যাকেট খুলে দেখে, ভেতরে একটি পাঁচ মিনিটের এবং অন্যটি যোগ করা সময়ের ‘টর্নেডো।’

কথাগুলো কাল্পনিক, কিন্তু সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপান- ব্রাজিল ম্যাচ বিচারে অন্য এক বাস্তবতা।

দুরপাল্লার জোড়া ‘রকেটে’ দুই গোল করেও সেই টর্নেডোয় দলের ক্ষয়-ক্ষতি এড়াতে পারেননি ভিনিসিয়ুস। ব্রাজিলকে হারতে হয় ৩-২ গোলে। এই কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ করা সময়ে রেফারি সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন তাঁদের অধিনায়ক রাফিনিয়া। লাল কার্ড দেখেন ব্রাজিল কোচ আনচেলত্তিও।

টর্নেডো বেশি সময় থাকে না আর জাপানে এই ঝড়ও কম হয় না। তাঁদের ফুটবলেও ছোট ছোট সব ঝড়ের ছাপ থাকে। গত জুলােইয়ে হিউস্টনে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে সেটা টের পেয়েছিল ব্রাজিল। চার-পাঁচ মিনিটের এক ছোট্ট ঝড়ের ফসল ছিল জাপানের একমাত্র গোলটি। ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ গোলে জিতলেও ঝড়ে নিজেদের খেলায় ক্ষয়-ক্ষতির চিহৃ নিয়ে ফিরেছিল।

তবে, আজকের ম্যাচটা প্রীতির বলেই হয়তো জাপানি ‘টর্নেডো’ বলে কিছু যে আছে, তা ভুলে গিয়েছিল ব্রাজিল। নইলে আবারও সেই ঝড়ের মুখে পড়ে ১৪ থেকে ১৮, এই পাঁচ মিনিটে ব্রাজিল দুই গোল হজম করবে কেন!

ভিনিসিয়ুস তখন পর্যন্ত চুপচাপই ছিলেন। খেলা দেখে মনে হয়েছে, এ মৌসুমে রিয়াল মাদ্রিদের ফর্মই অনূদিত হচ্ছে। সেটা বাঁ উইংয়ে। ম্যাচে আধা ঘণ্টা পর ডানে সরে গিয়ে ৩৩ মিনিটে দুরপাল্লার শটে পান প্রথম গোল। ৭৫ মিনিটের গোলটি বাঁ প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে। ভিনি ফর্মে ফেরায় সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা রিয়াল কোচ জোসে মরিনিওর। ব্রাজিল কোচ আনচেলত্তিও নিশ্চয়ই ২-০ গোলে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে স্বস্তিতে ছিলেন? সেটা যোগ করা সময়ে মাত্র ১ মিনিট পর্যন্ত। বদলি নামা সাকামুতো পরের মিনিটেই গোল করে বসেন! ব্যস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয় জয় পেয়ে যায় এশিয়া থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাপান।

গোলটির উৎসে জাপানের তাকুমি মিনামিনোর বিরুদ্ধে ফাউলের অভিযোগ তোলে ব্রাজিল। সিঙ্গাপুরের রেফারি ইয়ানসেন ফু চওয়ান কর্ণপাত করেননি। এর প্রতিবাদে লাল কার্ড দেখতে হয় রাফিনিয়া ও আনচেলত্তিকে।

বিস্তারিত আসছে...।