ইন্টার মায়ামির হয়ে নতুন যাত্রা শুরু করেছেন কাসেমিরো
ইন্টার মায়ামির হয়ে নতুন যাত্রা শুরু করেছেন কাসেমিরো

মেসির সঙ্গে দুই সেশনের অনুশীলনেই যা বুঝে গেলেন কাসেমিরো

ইন্টার মায়ামিতে যোগ দিয়েই নতুন সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। বৃহস্পতিবার তিনি মেসিকে আখ্যা দিয়েছেন ‘ফুটবলের ঈশ্বর’ হিসেবে। সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেন, ‘অবশ্যই আমি এখানে এসেছি তাঁর (মেসির) জন্য, তাঁকে এবং ইন্টার মায়ামিকে সাহায্য করার জন্য।’

কাসেমিরো আরও বলেন, ‘আমি তাঁর সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই, তাঁকে জিততে সাহায্য করতে চাই, তাঁকে আরও মহান করে তুলতে চাই। তিনি ফুটবল দেবতাদের একজন, বরং বলা যায় তিনিই ফুটবলের ঈশ্বর।’

ম্যানচেস্টার ইউনাইটেডে চার বছর কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েছেন কাসেমিরো। গত শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের দুই সপ্তাহেরও কম সময় পর হওয়ায় সেই ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি।

স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোতে বহুবার প্রতিপক্ষ হিসেবে লড়েছেন কাসেমিরো ও মেসি। এবার প্রথমবারের মতো একই দলে খেলতে মুখিয়ে আছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

কাসেমিরো বলেন, ‘আমি জানি, তাকে থামানো অসম্ভব। আমি কখনোই সেটা করতে পারিনি। সব সময় সতীর্থদের সাহায্য লাগত। আর এখানে তাঁর সঙ্গে মাত্র দুটি অনুশীলন সেশন করার পরই বুঝে গেছি, তাঁকে থামানো এখনো অসম্ভব।’

জার্সি হাতে ইন্টার মায়ামির সহ–মালিক হোর্হে মাসের সঙ্গে কাসেমিরো

কাসেমিরোর হাতে ইন্টার মায়ামির গোলাপি জার্সি তুলে দেন ক্লাবের সহমালিক হোর্হে মাস। এ সময় এমএলএসের চলমান তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, কাসেমিরোকে দলে ভেড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি।

বর্তমানে কাসেমিরোকে দলে নেওয়ার প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে এমএলএস। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে লিগের ‘ডিসকভারি রাইটস’ব্যবস্থা। এই নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু তারকা খেলোয়াড়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে সংশ্লিষ্ট ক্লাবকে তাদের ‘ডিসকভারি রাইটস’ অর্জন করতে হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে ইন্টার মায়ামির জার্সি হাতে কাসেমিরো

কাসেমিরো আগে থেকেই এলএ গ্যালাক্সির ‘ডিসকভারি রাইটস’ তালিকায় ছিলেন। হোর্হে মাস জানান, ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে কোনো আলোচনা শুরুর আগে তারা এলএ গ্যালাক্সির সঙ্গে যোগাযোগ করেছিলেন।

মাস বলেন, ‘নিয়ম যেমন, আমরা ঠিক তেমনভাবেই তা মেনে চলেছি। নিয়মের একটিও ব্যত্যয় ঘটাইনি।’ তাঁর দাবি, এলএ গ্যালাক্সির সঙ্গে কথা বলার আগে কাসেমিরো বা তাঁর প্রতিনিধিদের সঙ্গে ইন্টার মায়ামি কোনো ধরনের আলোচনা করেনি।