মার্তিনেজ, কাসেমিরোরা নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন
মার্তিনেজ, কাসেমিরোরা নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন

বিশ্বকাপ প্রস্তুতি

আর্জেন্টিনা জিতল, জিতল ব্রাজিলও

বিশ্বকাপমঞ্চে নামার আগে আজ ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষও ছিল বিশ্বকাপেরই এক দল—মিসর।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে হওয়া ম্যাচটিতে আফ্রিকান দলটিকে ২–১ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল করেছেন ব্রুনো গিমারেস ও এনদ্রিক।

অন্যদিকে আজই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ২–০ গোলে। লাওতারো মার্তিনেজ এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোল করেছেন গিলিয়ানো সিমিওনে।

ব্রাজিলের জয়ের ম্যাচে ওয়েসলির কান্না

মিসরের বিপক্ষে জয়ের ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে হয়েছে রাইটব্যাক ওয়েসলিকে। ম্যাচের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোমায় খেলা ওয়েসলি এবারই প্রথম বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার আশঙ্কায় ডাগআউটে বসেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সে সময় সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা তাঁকে সান্ত্বনা দেন।

খেলা শেষে আনচেলত্তি ওয়েসলির জন্য দুঃখ প্রকাশ করলেও স্পষ্ট করেই বলেছেন, জাতীয় দলে ‘তাঁকে প্রতিস্থাপন করার মতো খেলোয়াড় আছে।’

মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। এর আগে পানামাকে ৬–২ গোলে হারিয়েছিল আনচেলত্তির দল।

ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াই শুরু হবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ব্রাজিলের খেলোয়াড়দের

মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার শক্তি পরীক্ষা

টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। অবশ্য ছোটখাটো অস্বস্তির কারণে তাঁর না খেলার আভাস আগেই ছিল।

ম্যাচের ৩৭ মিনিটে নিকোলাস তালিয়াফিকো বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। মার্তিনেজের ব্যাকহিল পাস থেকে গোললাইনের খুব কাছ থেকে বল জালে পাঠান সিমিওনে।

মেসি পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন

সিমেওনের এই গোলের পরপরই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলে চারটি পরিবর্তন আনেন। জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, লিসান্দ্রো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজের জায়গায় নামানো হয় আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে লোপেজকে। তবে শেষ দিকে ম্যাচে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেননি তাঁরা।

১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এই গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া ও জর্ডান। তবে তার আগে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে স্কালোনির দল।