সাফ জয় হিরন্ময় ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ফুটবলে
সাফ জয় হিরন্ময় ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ফুটবলে

২০২২ সালে বাংলাদেশের ফুটবল

বিশ্বকাপের বছরে জামালদের ব্যর্থতার পাশে উজ্জ্বল সাবিনারা

কালের গর্ভে একসময় হারিয়ে যাবে ২০২২। কিন্তু বাংলাদেশের ফুটবলে বছরটাকে মনে রাখতেই হবে। বছরটা ফিরে ফিরে আসবে এক অভাবনীয় সাফল্যের সূত্র ধরে।

হিসাব মেলাতে বসে সুখস্মৃতি ভেসে উঠছে। মাত্রই গত সেপ্টেম্বরের কথা। কাঠমান্ডুতে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের সেই আনন্দময় দিনগুলো মনের গহিনে দোলা দেয় প্রবলভাবে। মেঘ সরিয়ে যেন ঝলমলে রোদের দেখা মেলে তখন। এই প্রথম দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের মালা পরে বাংলাদেশ। যে সাফল্য টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমজনতা ভেসেছে বিজয় আনন্দে।

সেই আনন্দের রেশ এখনো কাটেনি। বাংলাদেশের নারী ফুটবলাররা কোথাও না কোথাও সংবর্ধিত হচ্ছেন। এখনো চলছে সাবিনা খাতুন এবং তাঁর দলের গুণকীর্তন। হয়তো চলবে আরও কিছুদিন। নতুন বছরের অনুপ্রেরণা হয়ে থাকবে বাংলাদেশের মেয়েদের এই কীর্তি।

সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী ফুটবলারদের সংবর্ধনা

আজ থেকে বহু বছর পরও যখন ২০২২ সালটা কেউ স্মরণ করবেন, নিশ্চিতভাবেই বাংলাদেশের নারী ফুটবলারদের স্বপ্নাতুর মুখগুলো চোখে ভাসবে। কাঠমান্ডু জয় করে মেয়েদের ঢাকা ফেরাটা হলো অবিশ্বাস্য জনজোয়ারের মধ্যে। বিমানবন্দর থেকে মতিঝিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পর্যন্ত জনতার যে ঢল নেমেছিল রাস্তায়, এমন দৃশ্য ফুটবল ছাপিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেই বিরল। এই প্রথম বাংলাদেশের কোনো বিজয়ী ক্রীড়া দল দেশে ফিরে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ফিরেছে। এ–ও এক রেকর্ড।

মারিয়া মান্দারা কল্পনাকে হার মানিয়ে নিজেদের নিয়েছেন অন্য উচ্চতায়। দেশের মানুষের মন জিতে তাঁরা সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচই জিতেছেন দাপটের সঙ্গে। ২৩ গোল করে একমাত্র গোল খেতে হয়েছে ফাইনালে। দক্ষিণ এশিয়ার নারী চ্যাম্পিয়নশিপের আগের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা পর্যন্ত এবার খাবি খেয়েছে বাংলাদেশের কাছে। ফাইনালে দাঁড়াতেই পারেনি স্বাগতিক নেপালও। এমন দাপুটে ফুটবল আর কখনো খেলতে পারেনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আর সেটিই বছরটাকে করে রাখছে আলাদা। ফুটবলপ্রেমীদের দিয়েছে মনে রাখার মতো কিছু সুখস্মৃতি।

মেয়েদের ফুটবল সম্ভাবনা দেখিয়েছে

কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে জুনে সাবিনা খাতুনেরা কমলাপুর স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার মতো দলকে ৬ গোলে উড়িয়ে দিয়েছিলেন। বাংলাদেশ নারী ফুটবল দলের বদলের যাওয়ার সূচনা বোধ হয় সেখান থেকেই। বছরজুড়ে গোলাম রব্বানীর দল সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ছয়টিতেই পেয়েছে দাপুটে জয়। একমাত্র ড্র মালয়েশিয়ার সঙ্গে। কোনো হার নেই। ভাবা যায়! প্রায় ৮৬ শতাংশ ম্যাচ জয়ের হার ২০২২ সালটাকে বাংলাদেশের নারী ফুটবলে সোনার অক্ষরে লিখে রাখবে।

বয়সভিত্তিক নারী ফুটবলেও এসেছে সাফল্য। বাংলাদেশের মেয়েরা ফেব্রুয়ারিতে ভারতে সাফ অনূর্ধ্ব–১৮ রানার্সআপ হয়েছে। ঢাকায় সাফ অনূর্ধ্ব–১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হতেও অবশ্য পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সব মিলিয়ে একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও দুটিতে রানার্সআপ ট্রফি জয়ের কল্যাণে ২০২২ সালটা বাংলাদেশের নারী ফুটবলে সেরা বছর। এ বছরটা দিয়ে যাচ্ছে আগামীর আত্মবিশ্বাস। সেই সঙ্গে মাথা তুলে দাঁড়ানোর সাহস। স্বপ্ন দেখাচ্ছে নতুন দিগন্তেরও।

কিন্তু উল্টো দিকে ছেলেদের ফুটবলে চোখ রাখলে হতাশায় মনটা বিষণ্নই হবে। বছরের শুরুতে যেখানে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৬, বছর শেষান্তে ১৯২। জামাল ভূঁইয়ারা এমন কিছু করতে পারেননি, যা নিয়ে গর্ব করা যায়। দেশে শীর্ষস্তরে ফুটবলারদের বাৎসরিক পারিশ্রমিক কোটি টাকা ছুঁলেও সেটির কোনো ছাপ জাতীয় দলের খেলায় নেই। জাতীয় দল বরং এ বছর আগের চেয়েও আরও খারাপ করেছে।

জাতীয় ফুটবল দলের ব্যর্থতা ম্লান করে দিচ্ছে অনেক অর্জন

২৭ সেপ্টেম্বর নেপালের মতো সমমানের দলের সঙ্গে প্রীতি ম্যাচে ৩৭ মিনিটেই তিন গোল খেয়ে শেষ পর্যন্ত হেরেছে ৩–১ গোলে। ১৯৮৪ সালে প্রথম সাফ গেমস ফুটবলের ফাইনালে এই কাঠমান্ডুতেই গেমসের ফাইনালে শীর্ষ ফেবারিট বাংলাদেশ সবাইকে অবাক করে হেরেছিল ৪–২ গোলে। ৩৮ বছর পর নেপালের কাছে ৩ গোল খাওয়ার লজ্জা নিয়ে বাড়ি ফেরেন বাংলাদেশের ফুটবলাররা।

গোটা বছরে ছেলেদের ফুটবলে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আটটি। পাঁচটি ফিফা টায়ার ওয়ান প্রীতি ম্যাচ, তিনটি এশিয়ার কাপের বাছাই। এই আট ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। সেটি এসেছে ২২ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে কম্বোডিয়ার সঙ্গে তাদেরই মাঠে রাকিব হোসেনের দেওয়া একমাত্র গোলে। অবশ্য এ আর নতুন কি! ২০২১ সালে রেকর্ড ১৬টি ম্যাচ খেলে বাংলাদেশ। বিদেশের মাটিতে পাঁচ টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৫ ড্র, ৮ হারের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ৩টি। গতবছরের চেয়েও ২০২২ সালে জয়ের আনুপাতিক হার কমেছে বাংলাদেশ জাতীয় দলের।

জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরাকে নিয়ে আছে প্রশ্ন

বছরটা শুরু হয়েছিল মালদ্বীপের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচে হার দিয়ে। এরপর দুই ড্র। যার একটি দুর্বল মঙ্গোলিয়ার সঙ্গে সিলেটের মাঠে, গোলশূন্য। পরের ম্যাচে ড্র ইন্দোনেশিয়ার সঙ্গে তাদেরই মাঠে। ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র যদি প্রশংসনীয় হয়, মঙ্গোলিয়ার সঙ্গে ঘরের মাঠে না জিততে পারা চরম ব্যর্থতাই। দুই ড্র শেষে কুয়ালালমপুর এশিয়ান কাপের বাছাইয়ে অনুমিত ফলই হয়েছে। তিনটি ম্যাচেই হেরেছে হাভিয়ের কাবরেরার দল। বাহরাইন (০–২), তুর্কমেনিস্তান (১–২), মালয়েশিয়া (১–৪)।

জাতীয় দলের পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করেও উন্নতি নেই। শিগগিরই উন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে না। জেমি ডেকে কোচের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের আগে। এরপর ডিসেম্বরে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় অনভিজ্ঞ কাবরেরাকে, তাতে কোনো ইতিবাচক বদল নেই। কাবরেরাকে কোচ করা নিয়ে বাফুফের ভেতরেই আছে নানা প্রশ্ন। তারপরও ভালো কিছু হলে ভিন্ন কথা ছিল। কিন্তু কাবরেরার অধীনে দল উজ্জীবিত ফুটবল খেলত পারেনি।

জাতীয় দলের ব্যর্থতার পাশে বয়সভিত্তিক ফুটবলে কিছুটা আলো আপনি খুঁজে পাবেন। ২০২২ সালে অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–২০ পর্যায়ে দুটি করে টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ। ভারতে সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলে ফাইনালে উঠে শিরোপার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হয়নি। তাতে কি, রানার্সআপ হওয়ার লক্ষ্যটা ঠিকই পূরণ করেছে অনূর্ধ্ব–১৭ দল।

ঘরোয়া ফুটবলের সূচিতে এবার বদল এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইউরোপীয় ধাঁচে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চলছে একই সঙ্গে। বারবার সূচি করার পথে না হেঁটে বাফুফে একটা ছক তৈরি করেছে। এ মৌসুম থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ হচ্ছে শুধু শুক্র ও শনিবার। ফেডারেশন কাপের ম্যাচ হচ্ছে শুধু মঙ্গলবার। ক্লাবগুলো আগে থেকেই গোটা মৌসুমের সূচি জেনে যাচ্ছে, যা পেশাদারির পথে এক পা হলেও অগ্রগতি। তবে পাতানো খেলার দৌরাত্ম্য চলছেই। শাস্তি হয়েছে কিছু ক্লাব, খেলোয়াড় ও কর্মকর্তার।

বছর শেষে বিশ্বকাপ–উৎসব, উন্মাদনা দেশের ফুটবল নিয়ে হাহাকারটা যেন আরও বাড়িয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে উন্মাদনায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও আসল জায়গাটাতেই যে প্রাপ্তির ঘর শূন্য। জাতীয় দল ভালো কিছু না করলে হাহাকার, হতাশা বাড়তেই থাকবে।