২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ‘ইতিবাচক ফল’ চেয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। সেটি যে জয় ছিল, তা না বললেও চলছে। জয় না পেলে হারা চলবে না—মালে থেকে অন্তত হার এড়াতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ৮৬ মিনিটে মালদ্বীপ গোল করে এগিয়ে যায়। কিন্তু ৮৯ মিনিটে বিশ্বনাথ ঘোষের জায়গায় সাদউদ্দিন মাঠে নেমেই করলেন বাজিমাত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে হয়ে উঠলেন ‘সুপারসাব’।
১৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের হোম ম্যাচ। সে ম্যাচ জিতলেই বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপের মূল বাছাইপর্বে। ‘আই’ গ্রুপে তখন খেলা পড়বে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে। আজ সাদের গোলে হার এড়ানোর পর কোচ কাবরেরা ঢাকার ম্যাচে জয়ের কথাই বলেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তিনি, ‘আজকের ম্যাচটি হারলেও ঢাকার ম্যাচটি আমাদের জয়ের জন্যই খেলতে হতো। আমার লক্ষ্য এখনো জয়ই। আজকের ম্যাচ জিতলেও আমরা পরের ম্যাচে জেতার জন্যই খেলতাম। আমার লক্ষ্য জয়ই। এটার কোনো পরিবর্তন হচ্ছে না।’
মালদ্বীপের বিপক্ষে এই কঠিন ম্যাচে জাতীয় দলের একাদশে নিয়মিত তিন খেলোয়াড়কে খেলাতে পারেননি বাংলাদেশের স্প্যানিশ কোচ। ডিফেন্ডার তপু বর্মণ, গোলকিপার আনিসুর রহমান ও তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিন। তাঁদের জায়গায় আজ তিন ফুটবলারের অভিষেক হয়েছে দলে। গোলকিপার মিতুল মারমা, ডিফেন্ডার শাকিল হোসেন আর জায়েদ আহমেদ। তিনজনের খেলাতেই খুশি কাবরেরা, ‘আজকে আমাদের দলে তিনজনের অভিষেক হয়েছে। গোলকিপার মিতুল তো দারুণ খেলেছে। ডিফেন্ডার শাকিলের পারফরম্যান্সও ইতিবাচক। জায়েদ শেষ ২৫ মিনিট নেমে লড়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে নতুনদের পারফরম্যান্স খুবই ইতিবাচক।’
কাবরেরার স্বস্তি অবশ্য আরেক জায়গায়। সেটি জাতীয় দলের জন্য কিছু খেলোয়াড় তৈরি করতে পারাই, ‘আমরা কিছু নতুন খেলোয়াড় তৈরি করতে পেরেছি। সংখ্যাটা কমপক্ষে ২৫। যারা দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য তৈরি। যেকোনো পরিস্থিতিতে তারা এই পর্যায়ে নিজেদের মেলে ধরতে পারে।’
মালদ্বীপের বিপক্ষে ভালো খেলেছেন রাকিব হোসেন। তাঁর তৈরি করে দেওয়া বল থেকে অন্তত দুটি গোল পেতে পারতেন ফয়সায় আহমেদ ফাহিম। শেষ পর্যন্ত রাকিবের পাস থেকেই বদলি নেমে গোল করেছেন। বাংলাদেশ ফরোয়ার্ডের মতে, আজকের ম্যাচটি ছিল ৫০–৫০, ‘আজকে বাংলাদেশ, মালদ্বীপ দুই দলই ভালো খেলেছে। ওরা খুবই ভালো দল। ম্যাচটা ছিল ৫০–৫০। আমরা দুই দলই গোলের সুযোগ তৈরি করেছি, নষ্ট করেছি। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পেরেছি বলে ভালো লাগছে।’
তপু–জিকো–মোরছালিনদের অভাব নতুনেরা বুঝতেই দেননি বলেই মনে করেন বাংলাদেশের ‘নাম্বার টেন’, ‘নতুন তিনজন আজ খেলেছে জাতীয় দলে। সবাই ভালো খেলেছে। পুরো দলই ভালো খেলেছে।’