ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

বিলিয়নিয়ার রোনালদো ক্লাবের শেয়ার কিনে যেভাবে অবসরের প্রস্তুতি নিচ্ছেন

২০২৩ সাল। ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে তখন নিজের নতুন অধ্যায় কেবল শুরু করেছেন। সে সময় ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একদিন একটি ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি বলেছিলেন, ‘ক্লাবের মালিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কয়েক বছর ধরে এটা নিয়ে ভাবছি। হয়তো একটি ক্লাবের মালিক হতে চাই। আমার ক্যারিয়ার শেষ দিকে—সর্বোচ্চ দুই থেকে তিন বছর।’

রোনালদোর সেই কথার পর তিন বছর পেরিয়ে গেছে। গত বৃহস্পতিবার সকালে অবসর নেওয়ার রূপরেখা আরও স্পষ্ট করেছেন আল নাসর তারকা। আর করেছেনও ঠিক সেটাই, যেটা বলেছিলেন তিন বছর আগে। নিজ প্রতিষ্ঠান সিআর৭ স্পোর্টস ইনভেস্টমেন্টসের মাধ্যমে স্পেনের দ্বিতীয় বিভাগে খেলা ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন রোনালদো।

কত টাকায় কিনেছেন, সেই অঙ্ক প্রকাশ হয়নি। তবে এই বিনিয়োগের মাধ্যমে রোনালদো এক অর্থে ফিরলেন স্প্যানিশ ফুটবলে। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে এর আগে ৯ মৌসুম কাটিয়েছেন রোনালদো। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোল (৪৫১) করার পাশাপাশি ট্রফি জিতেছেন মোট ১৬টি।

আলমেরিয়ার শেয়ার কেনার পর বিবৃতিতে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, ‘মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল আমার। ইউডি আলমেরিয়া স্পেনের একটি ক্লাব, যাদের ভিত শক্ত এবং উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের পরবর্তী বিকাশপর্বে সহায়তা করতে নেতৃত্বাধীন দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

পাওয়ার হর্স স্টেডিয়ামে হোম ম্যাচ খেলে আলমেরিয়া

ক্লাবের শেয়ার কেনাকে দেখা হচ্ছে রোনালদোর ক্যারিয়ার শেষ হওয়ার আরেকটি ইঙ্গিত হিসেবে। ভবিষ্যতে বুট তুলে রাখার পর রোনালদোর জীবন কেমন হবে, এটা তারই স্পষ্ট ইঙ্গিত। পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদো আগেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে রোনালদোর আল নাসরে যোগদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৌদি ব্যবসায়ী মোহামেদ আল খেরেইজি। তারপর থেকে দুজনের মধ্যে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। খেরেইজি সৌদি আরবের বিনিয়োগ গ্রুপ এসএমসির কর্ণধার। গত বছর সৌদি সরকারের অফিশিয়াল তুর্কি আল-শেখের কাছ থেকে আলমেরিয়াকে কিনে নেয় এসএমসি। রোনালদোর শেয়ার ক্রয় নিয়ে খেরেইজি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে ক্রিস্টিয়ানো আমাদের ক্লাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন...স্পেনের লিগ সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে এবং দল এবং একাডেমি উভয় দিক থেকেই আমরা যে প্রকল্প গড়ে তুলছি, তার সম্ভাবনা তিনি বুঝতে পারেন।’

অবসর নেওয়ার পর অনেক ফুটবলারই কোচিংয়ে নামেন কিংবা বিশ্লেষক হন। ক্লাবের মালিক হওয়ার সংখ্যাটা একটু কমই। তবে ডেভিড বেকহাম আছেন। তিনি ইন্টার মায়ামির সহমালিক। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে অবশ্য খেলোয়াড়ি জীবনেই এসএম কায়েন ক্লাবের অধিকাংশ শেয়ার কিনেছেন।

রোনালদোর মতো এমবাপ্পেও খেলোয়াড়ি ক্যারিয়ারেই ক্লাবের মালিকানার অংশ হয়েছেন

স্পেনের সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকেও ক্লাবের মালিক। স্পেনের দ্বিতীয় বিভাগের দল এফসি অ্যান্ডোরা পিকে কিনে নেন ২০১৮ সালে। পরের বছর সুইডেনের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ কেনেন তাঁর দেশের ক্লাব হ্যামারবাই আইএফ ক্লাব। ফেনারবাচে মিডফিল্ডার এনগোলো কান্তে ২০২৩ সালে কেনেন বেলজিয়ামের ক্লাব রয়্যাল এক্সেলসিওর ক্লাব। দিদিয়ের দ্রগবা, থিয়েরি অঁরি ও সেস্ক ফ্যাব্রেগাসও ক্লাবের শেয়ারের মালিক।

রোনালদোর ক্যারিয়ার তাঁকে আর্থিকভাবে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে। মেইল অনলাইনের মতে, ফুটবল ইতিহাসে রোনালদোই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। তাঁর বার্ষিক আয় প্রায় ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড। ব্লুমবার্গের হিসাবে, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৪ কোটি পাউন্ড। ক্যারিয়ার আয়, বিনিয়োগ ও বিজ্ঞাপনী চুক্তির পাশাপাশি প্রচলিত করহার ও বাজার পরিস্থিতিও এ হিসাবে সমন্বয় করা হয়েছে। ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে রোনালদোই প্রথম ফুটবলার।

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে আজীবনের চুক্তি আছে রোনালদোর। এর মোট মূল্য প্রায় ৭৪ কোটি ৫০ লাখ পাউন্ড। সব মিলিয়ে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যে পানি, অন্তর্বাস, জুতা ও সুগন্ধির মতো পণ্যের ব্যবসা রয়েছে এবং ১৮টি ব্র্যান্ডের সঙ্গে তাঁর অংশীদারত্ব আছে।

রোনালদো ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার

পাশাপাশি বর্তমানে নিজের দেশে প্রায় ২ কোটি ৮০ লাখ পাউন্ড ব্যয়ে একটি বিশাল কমপ্লেক্স নির্মাণ করছেন রোনালদো। প্রকল্পটির নকশা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দামি কিছু গয়না ও ঘড়ি, যার মধ্যে প্রায় ১১ লাখ ৩০ হাজার পাউন্ড মূল্যের ফ্রাঙ্ক মুলেরের বিশেষ ট্যুরবিলন ঘড়িও রয়েছে রোনালদোর।

আলমেরিয়াতে রোনালদো কত বিনিয়োগ করছেন তা এখনো জানা যায়নি। তাঁর আয়বিচারে অঙ্কটা খুব বড় হওয়ার কথা নয়। পর্তুগালের উপকূলীয় এলাকা কুইন্তা মারিনহায় একটি ‘হাসপাতাল আকারের’ প্রাসাদ নির্মাণের স্বপ্ন দেখছেন রোনালদো।

তবে প্রকল্পটি এখনো দুই বছরের বেশি সময় পিছিয়ে রয়েছে। প্রাসাদটির নকশায় কাচের একটি বিশাল সুইমিং পুল থাকবে, যার ভেতর দিয়ে পানির নিচে হাঁটার পথ থাকবে। পাশাপাশি প্রায় এক হাজার বর্গফুটের একটি মাস্টার বেডরুমও রাখা হবে, যা পর্তুগালের সবচেয়ে ব্যয়বহুল আবাসন প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আলমেরিয়া এখন স্পেনের দ্বিতীয় বিভাগে খেলছে

বর্তমানে আলমেরিয়া স্পেনের দ্বিতীয় বিভাগে পয়েন্ট তালিকায় তৃতীয় এবং শীর্ষ দলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। গত মে মাসে সৌদি নেতৃত্বাধীন বিনিয়োগ জোট ক্লাবটির পূর্ণ মালিকানা গ্রহণ করে। এবার রোনালদোও ক্লাবটির মালিকানায় যোগ দিলেন। আলমেরিয়া তাদের ১৭ হাজার ৪০০ আসনের পাওয়ার হর্স স্টেডিয়ামে ঘরের ম্যাচগুলো খেলে। ২০২৩-২৪ মৌসুমে তাঁরা লা লিগা থেকে অবনমিত হয় এবং গত মৌসুমে ষষ্ঠ স্থান নিয়ে স্পেনের দ্বিতীয় বিভাগ শেষ করে।

২০০৭ সালে প্রথমবার লা লিগায় উঠে আসার পর দক্ষিণ স্পেনের এই ছোট্ট ক্লাবটি শীর্ষ লিগে মোট সাত মৌসুম খেলেছে। সর্বশেষ তারা ২০২২ সালে লা লিগায় উঠে এসেছিল।