মিসরের রাজা—মোহাম্মদ সালাহ
মিসরের রাজা—মোহাম্মদ সালাহ

ম্যাচ হবে টার্ফে, সালাহ তাই থাকবেন বিশ্রামে

আগের ম্যাচে চোট পেয়েছিলেন। কোচও তাঁকে তুলে নিয়েছিলেন ম্যাচের মাঝপথে। তবে চোটের জন্য নয়, মোহাম্মদ সালাহ দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না কৃত্রিম টার্ফের কারণে। ২৯ সেপ্টেম্বর দক্ষিণ সুদানের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচ মিসরের।

ম্যাচটিতে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। শুক্রবার কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করেছে মিসর।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইএফএ জানিয়েছে, দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের টেকনিক্যাল স্টাফ। এর মূল কারণ ম্যাচটির মাঠের কৃত্রিম টার্ফ।

ইএফএ বলেছে, অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের আগেই সালাহ ও জাতীয় দলের টেকনিক্যাল স্টাফের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে দক্ষিণ সুদানের বিপক্ষে তিনি খেলবেন না। খেলোয়াড়টিকে সুরক্ষিত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইএফএ।

দক্ষিণ সুদান ও মিসরের ম্যাচটি হবে জুবা স্টেডিয়ামে। স্টেডিয়ামটির মাঠ কৃত্রিম টার্ফের। সম্প্রতি লিভারপুল ছেড়ে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পরে যোগ দিয়েছেন সালাহ।