বেতিসের বিপক্ষে ম্যাচে কাল খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে।
বেতিসের বিপক্ষে ম্যাচে কাল খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পের চোট কতটা গুরুতর, জানার অপেক্ষায় রিয়াল

বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে। লিগ শিরোপা এই মৌসুমে রিয়াল মাদ্রিদের আর জেতা হচ্ছে না বলে দেওয়ায় খুব একটা ঝুঁকি নেই। এরই মধ্যে মৌসুমের শেষ দিকে এসে হতাশা আরও বাড়ল রিয়ালের। রিয়াল বেতিসের বিপক্ষে গত রাতে ১-১ গোলে ড্র ম্যাচে চোট পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে।

বেনিটো ভিয়ামারিন স্টেডিয়ামে গতকাল এমবাপ্পে নেমেছিলেন রিয়ালের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলতে। কিন্তু সেই মাইলফলক ছোঁয়ার দিনে গোল তো পেলেনই না, উল্টো মাঠ ছাড়লেন খুঁড়িয়ে। ম্যাচের ৮৩ মিনিটে এমবাপ্পে ইশারা করলেন ডাগআউটে, পরে মাঠ ছাড়লেন চোট নিয়ে।

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এমবাপ্পে।

ক্লাব সূত্র জানিয়েছে, এমবাপ্পের সমস্যাটা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে, পেশির স্বাভাবিক কার্যক্ষমতার বেশি ধকলের কারণে এ ধরনের সমস্যা হয়। তবে চোট কতটা গুরুতর, সেটা নিয়ে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া একটু ধোঁয়াশা রেখেই বললেন, ‘এমবাপ্পে ঠিক কেমন আছে, এই মুহূর্তে পরিষ্কার করে বলতে পারছি না। ও কিছুটা অস্বস্তি বোধ করছিল। আগামী কয়েক দিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’

চলতি মৌসুমে চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না  রিয়ালের। অঁরেলিয়া চুয়ামেনি আগে থেকেই বাইরে। দুই দিন আগেই খবর এসেছে, আর্দা গুলের ও এদের মিলিতাওয়ের মৌসুম শেষ। এবার দলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে টানাটানি।

রিয়ালের জার্সিতে কাল ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন এমবাপ্পে।

এমনিতে হাতে মোটে মাস দেড়েক সময়, এরপরই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফ্রান্স অধিনায়ক এমবাপ্পের এই চোট শুধু রিয়ালকে নয়, দুশ্চিন্তায় ফেলেছে ফরাসিদেরও।

আপাতত সবার চোখ এমবাপ্পের মেডিক্যাল রিপোর্টের দিকে। আগামী ৩ মে এস্পানিওল বা ১০ মে বার্সেলোনার বিপক্ষে মহারণে তিনি ফিরতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।