আলমেরিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে গ্রানাদার গোলরক্ষক লুকা জিদানকে।
আলমেরিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে গ্রানাদার গোলরক্ষক লুকা জিদানকে।

অনিশ্চয়তায় জিদানের ছেলে, আলজেরিয়ার বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা

বাবার নামের মহিমা তাঁর নামের পাশে আজীবন এক ছায়ার মতো লেগে আছে। কিন্তু লুকা জিদান নিজের পরিচয়টা গড়ছিলেন আলাদা করে, গোলবারের নিচে। স্বপ্ন দেখছিলেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলারও। কিন্তু সেই পথে হঠাৎই এক বড় বাধা হয়ে এল চোট।

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে গ্রানাদার এই গোলরক্ষককে। আর এই এক চোটে এখন সুতোর ওপর ঝুলছে তাঁর বিশ্বকাপ–ভাগ্য।

ঘটনা গত রোববারের। আলমেরিয়ার স্ট্রাইকার থ্যালিসের সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে লুকা শুধু মাঠই ছাড়েননি, এর আগে হারিয়েছিলেন চেতনাও। তবে দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হয়েছে পরবর্তী মেডিক্যাল রিপোর্টে। গ্রানাদা এক বিবৃতিতে জানিয়েছে, লুকা জিদানের চোয়াল ও থুতনিতে চিড় ধরা পড়েছে।

২৭ বছর বয়সী এই গোলরক্ষকের অবস্থা এখন বেশ জটিল। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত এই মৌসুমের বাকি সময়টা তাঁর মাঠের বাইরেই কাটবে। যদি অস্ত্রোপচার করাতে হয়, তবে পুনর্বাসনের প্রক্রিয়া হবে আরও দীর্ঘ। বর্তমানে লুকা এবং ক্লাবের চিকিৎসকেরা মিলে পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করছেন। অস্ত্রোপচার করাতে হবে কি না, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তা চূড়ান্ত হবে।

লুকার এই চোটের খবরে গ্রানাদার চেয়েও বেশি কপালে ভাঁজ পড়েছে আলজেরিয়া ফুটবল দলের। ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে হয়েও লুকা বেছে নিয়েছিলেন তাঁর দাদা-দাদির দেশ আলজেরিয়াকে। গত বছর আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার পাঁচ ম্যাচের চারটিতেই তিনি ছিলেন গোলবারের নিচে। গত মাসে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচেও পুরো ৯০ মিনিট পোস্ট সামলেছেন বিশ্বস্ত হাতে।

গত বছর আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার পাঁচ ম্যাচের চারটিতেই লুকা জিদান ছিলেন গোলবারের নিচে।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। লিওনেল মেসিদের আটকাতে আলজেরিয়া যখন নিজেদের রণকৌশল সাজাচ্ছিল, ঠিক তখনই দলের প্রধান দেয়ালটা ভেঙে পড়ার শঙ্কা জাগবে, তা কে জানত!